মাদ্রাসাছাত্রীর সঙ্গে অশালীন আচরণ মুঠোফোনে ধারণ
রংপুরের বদরগঞ্জ উপজেলার কাশিগঞ্জ গ্রামের এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও সেই দৃশ্য মুঠোফোনে ধারণ এবং পরে তা কম্পিউটারে কারসাজি করে এলাকায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে। সম্প্রতি তাদের বাড়িতে গিয়ে কাঠের আসবাবপত্র তৈরির কাজ করেন উপজেলার দক্ষিণ বাওচণ্ডী ডাঙাপাড়া গ্রামের মানিকুল ইসলাম (২৪) ও রুবেল (১৮)। এই সূত্রে ওই পরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে ২৯ আগস্ট সকালে মেয়েটির মাদ্রাসায় গিয়ে রুবেল তাকে বলেন, ‘তোমার ভাই অসুস্থ হয়ে পড়েছে, তোমাকে নিয়ে যেতে বলেছেন।’ এরপর মাদ্রাসা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বদরগঞ্জ পৌরসভার পাকারমাথার অদূরে একটি বাগানে নিয়ে যাওয়া হয় মেয়েটিকে। সেখানে আগে থেকে অবস্থান করছিলেন মানিকুল। মেয়েটিকে নিয়ে সেখানে পৌঁছামাত্র মানিকুল তার সঙ্গে অশালীন আচরণ করেন। আর এই দৃশ্য মুঠোফোনে ধারণ করা হয়। এরপর মানিকুল এ কথা কাউকে বললে মেয়েটি ও তার ভাইকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। ভয়ে মেয়েটি ওই ঘটনা কাউকে বলেনি। পরে মুঠোফোনে ধারণ করা ওই দৃশ্যের সঙ্গে কম্পিউটারের মাধ্যমে কারসাজি করে অন্য ছবি জুড়ে দিয়ে তা এলাকায় ছড়িয়ে দেওয়া হয়। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) পৃথ্বীশ কুমার সরকার জানান, বিষয়টি জানতে পেরে শনিবার মেয়েটির বাড়িতে পুলিশ পাঠানো হয় এবং ঘটনার সত্যতা পাওয়া যায়।