মাদ্রাসাছাত্রের সন্ধান চার মাসেও মেলেনি
নিখোঁজ হওয়ার প্রায় চার মাস পরও গাজীপুরের টঙ্গীর মাদ্রাসাছাত্র আশিক এলাহীকে (১১) উদ্ধার করতে পারেনি পুলিশ। আশিক টঙ্গী বাজার দারুস সুন্নাত কেরামতিয়া মাদ্রাসার নুরানি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
গত ১০ জুন মাদ্রাসার বোর্ডিং থেকে আশিক নিখোঁজ হয়। এ ঘটনায় ১২ জুন টঙ্গী থানায় একটি জিডি করেন আশিকের বাবা আবুল কালাম আজাদ। জিডির দুই মাস পরও আশিকের খোঁজ না পাওয়ায় গত ১ আগস্ট আবুল কালাম আজাদ ওই মাদ্রাসার শিক্ষক কাশেম ও ফারুকের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি অপহরণ মামলা করেন।
আবুল কালাম আজাদ বলেন, তিন বছর ধরে আশিক ওই মাদ্রাসার আবাসিক ছাত্র হিসেবে লেখাপড়া করছিল। ঘটনার কয়েক দিন আগে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে মাদ্রাসার শিক্ষক মাওলানা কাসেমের ছেলে কেফায়েত উল্যার বিরুদ্ধে আশিকের খাবার খেয়ে ফেলার বিচার দেন। কর্তৃপক্ষ কাসেমের ছেলেকে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে কাসেম ক্ষিপ্ত হন।