রাজবাড়ীর বালিয়াকান্দিতে গতকাল সোমবার একটি মাদ্রাসার প্রধানকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশোভন পেপার কাটিং প্রদর্শন করার অভিযোগে তাঁকে মারধর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার প্রধান আবদুর রশিদ সম্প্রতি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশোভন পেপার কাটিং দেখান। বিষয়টি জানাজানি হলে গত রোববার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল হান্নান মাদ্রাসাপ্রধানের কাছ থেকে পেপার কাটিং উদ্ধার করেন। সোমবার (গতকাল) মুঠোফোনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতিন মাদ্রাসাপ্রধানকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। দুপুর ১২টার দিকে তিনি উপজেলা পরিষদের সামনে পৌঁছালে কয়েকজন মুক্তিযোদ্ধা তাঁকে মারধর করেন।
আবদুর রশিদ বলেন, ‘আমার কাছে থাকা পেপার কাটিং আওয়ামী লীগের নেতা হান্নান নিয়ে গেছেন। আবদুল মতিন মুঠোফোনে আমাকে ডেকে মারধর করেছেন।’
আবদুল মতিন জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশোভন পেপার কাটিং ও চিত্র প্রদর্শন করায় মাদ্রাসাপ্রধান রশিদকে কয়েকজন মুক্তিযোদ্ধা শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তিনি শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল হান্নান জানান, মাদ্রাসাপ্রধানের কাছ থেকে একটি পেপার কাটিং উদ্ধার করা হয়েছে। তাঁকে মারধর করার বিষয়টি তিনি জানেন না। থানার ওসি আবু শামা ইকবাল হায়াত জানান, মাদ্রাসার প্রধানকে মারধরের বিষয়ে তিনি কিছু জানেন না। এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেননি।