মাদ্রাসার অধ্যক্ষ ও তরুণের রগ কেটে দিল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল বারীর দুই পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার ওই মাদ্রাসার পেছনে লুৎফর হাওলাদার নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়া এলাকার একটি দোকান থেকে সুমন হোসেন (২০) নামে এক তরুণকে গত সোমবার রাতে অপহরণের পর তাঁকে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
আবদুল বারী মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর অর্থায়নে পরিচালিত সংগঠন জামিয়াতুল মুদারেসীর মোরেলগঞ্জ উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর বাড়ি গুলিশাখালী গ্রামে।
তাঁর ছেলে মামদুদুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাঁর বাবার ওপর হামলা চালিয়েছে। তবে তিনি কারও নাম বলতে পারেননি। মামদুদুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে ১০-১২ জন সন্ত্রাসী জয়বাংলা স্লোগান দিয়ে ওই মাদ্রাসায় ঢোকেন। হামলার আশঙ্কায় তাঁর বাবা এ সময় আত্মরক্ষার জন্য দৌড়ে মাদ্রাসার পেছনে লুৎফর হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন। পরে সন্ত্রাসীরা ওই বাড়িতে গিয়ে তাঁর বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং দুই পায়ের রগ কেটে দেয়।
জানতে চাইলে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরীফ মো. আবদুস সালামও ঘটনার একই বর্ণনা দেন। তবে তিনিও কারও নাম বলতে পারেননি।
এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মীর জড়িত থাকার কথা অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ওই অধ্যক্ষের ওপর হামলা চালিয়ে থাকতে পারে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবদুল বারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এবং কারা তাঁর ওপর হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে একদল দুর্বৃত্ত কোর্টমোড় এলাকার একটি দোকান থেকে সুমনকে ধারালো অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। দুর্বৃত্তরা তাঁকে শহরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আবাসিক এলাকায় নিয়ে কুপিয়ে জখম করে এবং দুই পায়ের রগ কেটে দেয়। সুমন অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা মৃত ভেবে তাঁকে ফেলে রেখে যায় এবং সুমনের বাবা রুহুল আমীনকে ছেলের লাশ নিয়ে যাওয়ার জন্য খবর পাঠায়। খবর পেয়ে রুহুল আমীন লোকজনসহ ছেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। ওই রাতেই মুমূর্ষু অবস্থায় সুমনকে ঢাকায় পাঠানো হয়।
সুমনের পরিবারের সদস্যরা এ ঘটনায় ছাত্রলীগ চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার সভাপতি মো. তারেক ও তাঁর অনুসারীদের দায়ী করেছেন। ছাত্রলীগ নেতা তারেক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাঁর প্রতিপক্ষের প্ররোচনায় পরিকল্পিতভাবে এই অভিযোগ আনা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে গতকাল পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।