মাদ্রাসার অধ্যক্ষ লাঞ্ছিত প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলায় পয়লা বানিয়াবাড়ী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
গতকাল বেলা একটা থেকে দুইটা পর্যন্ত মানববন্ধন চলাকালে মাদ্রাসার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তির দাবি জানান। এতে বক্তব্য দেন মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সদস্য আবুল হোসেন, সহকারী শিক্ষক ছামিউল হক, জবেদ আলী, বুরহান উদ্দিন প্রমুখ। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জন কেনেডি জাম্বিলের কাছে একটি স্মারকলিপি দেন।
বক্তারা বলেন, একটি মাদ্রাসার অধ্যক্ষকে তাঁর কক্ষে ঢুকে এভাবে লাঞ্ছিত করাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওই সন্ত্রাসীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
অধ্যক্ষ এস এম জাকারিয়া অভিযোগ করেন, ‘তিন মাস আগে ওই মাদ্রাসায় একজন সহকারী শিক্ষক একরামা আক্তারকে নিয়োগ দেওয়া হয়। তাঁর এখনো এমপিও হয়নি। গত ২৯ মার্চ দুপুর ১২টার দিকে ওই শিক্ষকের স্বামী জিয়াউল হক আমার কক্ষে আসেন। এমপিওর বিষয় নিয়ে তিনি আমার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তিনি আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ বিষয়ে ওই দিন সন্ধ্যায় থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।’
সহকারী শিক্ষকের স্বামী মো. জিয়াউল হক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এমপিওর বিষয় নিয়ে আমার ছোট ভাই জামিরুল ইসলামের সঙ্গে ওই অধ্যক্ষের ঝগড়া হয়েছে। কোনো মারধরের ঘটনা ঘটেনি। আমার কথা বললেও সেখানে আমি পরে উপস্থিত হয়েছি।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। তবে ঘটনা শুনে পুলিশ সেখানে গিয়েছিল। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে মেলান্দহের ইউএনও জন কেনেডি জাম্বিল বলেন, ‘ওই ঘটনায় শিক্ষকেরা একটি স্মারকলিপি দিয়েছেন। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’