মাদ্রাসার অধ্যক্ষকে অপসারণের দাবি
অর্থ আত্মসাৎ, উৎকোচ নেওয়া ও দায়িত্বে অবহেলার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কলতাপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা এ কর্মসূচি পালন করেন।
মাদ্রাসাটির সামনের সড়কে দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ওই মানববন্ধন হয়। এতে মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সদস্য আমির হোসেন ও মোতালেব ভূঁইয়া, উপাধ্যক্ষ এম এইচ এম মহিউদ্দিন, সহকারী অধ্যাপক মুহাম্মদ মহসিন, শিক্ষক ফারুক হোসেন, এমদাদুল্লাহ খান, ইব্রাহিম মিয়া ও নুরুল আমিন, হানিফ মিয়া, মুজিবুর রহমান, দিদারুল হাসান, বিল্লাল হোসেনসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যক্ষ আবদুল আওয়াল মিয়া মাদ্রাসার তহবিলের ১ লাখ ২৮ হাজার টাকা আত্মসাৎ ও কমিটি গঠনের নামে উৎকোচ নেন। অর্থ আত্মসাৎ করে তিনি পাঁচ দিন ধরে গা ঢাকা দিয়েছেন। মাদ্রাসায় আসছেন না। এতে মাদ্রাসার পাঠদানসহ সব কর্মকাণ্ড ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অধ্যক্ষ আবদুল আওয়াল বলেন, তিনি অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত নন। কমিটি গঠন নিয়ে এলাকার কিছু ব্যক্তি তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবু তালেব বলেন, ‘মাদ্রাসাটির অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে মৌখিকভাবে শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’