মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তারের জের ধরে হামলা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনকান্দা এম ইউ আলিম মাদ্রাসার সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ এ এম এম মুহিবুল্লাহকে গ্রেপ্তারের জের ধরে গতকাল সোমবার হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে। জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততা ও হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে অধ্যক্ষ মুহিবুল্লাহকে গত শনিবার গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অধ্যক্ষ মুহিবুল্লাহকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসার কয়েকজন শিক্ষকের নেতৃত্বে ১২টি পিকআপে করে কয়েক শ ছাত্রছাত্রী স্থানীয় সাংসদ মঞ্জুর কাদের কোরাইশীর সঙ্গে দেখা করতে আটপাড়ায় যাওয়ার উদ্যোগ নেন। খবর পেয়ে স্থানীয় গন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সঞ্জু মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন ভূঁইয়া, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. মনিরুজ্জামান ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মাদ্রাসায় ছুটে যান। তাঁরা এভাবে মাদ্রাসা বন্ধ রেখে ছাত্রছাত্রীদের নিয়ে দুরবর্তী জায়গায় না যাওয়ার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কতিপয় শিক্ষক-কর্মচারী ও ছাত্রদের পাশাপাশি বহিরাগতরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় মনিরুজ্জামান ভূঁইয়া, মো. হাবুল মিয়া, এস এম মুয়েম, কাঞ্চন মিয়া ও ছাদেকুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত হাবুল ও ছাদেকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং মুয়েম ও কাঞ্চনকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন গ্রামের কয়েক শ মানুষ মাদ্রাসার দিকে ছুটে আসে। অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষও মারমুখী অবস্থান নিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের কয়েকটি ফাঁকা গুলি ছুড়লে উভয় পক্ষ পিছু হটে। ইউপি চেয়ারম্যান সঞ্জু মিয়া বলেন, ‘পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই।’ যোগাযোগের চেষ্টা করেও মাদ্রাসার কোনো শিক্ষককে পাওয়া যায়নি। তবে কয়েকজন ছাত্র দাবি করেন, প্রতিপক্ষের হামলায় তাঁদেরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। অধ্যক্ষ মুহিবুল্লাহর দাবি, তিনি জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত নন। কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) অভিরঞ্জন দেব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ আটটি ফাঁকা গুলি ছুড়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।