মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের এশফাকুল হক মান্না আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে আট লাখ ৬৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রতিষ্ঠানের নিরীক্ষা কমিটির এক অডিট প্রতিবেদনে ওই অর্থ আত্মসাতের বিষয়টি প্রকাশ পায়।তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ বদরউদ্দিন। তিনি প্রথম আলোর কাছে দাবি করেছেন, যেসব খাতের কথা উল্লেখ করে তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করা হচ্ছে, তা মোটেই সঠিক নয়; বরং তিনি নিজেই বর্তমানে প্রতিষ্ঠানের কাছে প্রায় ৩২ হাজার টাকা মতো পাওনা রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদ্রাসার বিভিন্ন কর্মকাণ্ডে আর্থিক অনিয়ম পরিলক্ষিত হওয়ায় গত জানুয়ারি মাসে ব্যবস্থাপনা কমিটি একটি নিরীক্ষা কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু ছায়েদকে। তিনি দীর্ঘ ছয় মাস ধরে মাদ্রাসার ছাত্রছাত্রীদের বেতনের রেজিস্ট্রার, রসিদ বই এবং প্রতিষ্ঠানের বিভিন্ন আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করে আট লাখ ৬৩ হাজার ৬৩৪ টাকার গরমিল খুঁজে পান। যার মধ্যে দাতা সদস্যদের অনুদানের ছয় লাখ টাকা এবং প্রতিষ্ঠানের আয়ের দুই লাখ ৬৩ হাজার ৬৩৪ টাকা রয়েছে।উদ্ভূত পরিস্থিতিতে গত ১৯ সেপ্টেম্বর অধ্যক্ষকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে অভিযোগের বিষয়ে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই নোটিশ সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়। এরপর অধ্যক্ষের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় ৫ অক্টোবর তাঁকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক প্রথম আলোকে জানান, প্রতিষ্ঠানের বিভিন্ন খাতের আয়ের টাকা অধ্যক্ষ আত্মসাত করেছেন। যার ফলে গত ৩২ মাস ধরে শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা পাচ্ছেন না। এ কারণে এরই মধ্যে কয়েক দফা তাঁরা কর্মবিরতি পালন করেন।নিরীক্ষা কমিটির আহ্বায়ক আবু ছায়েদ প্রথম আলোকে বলেন, নিরীক্ষা কালে প্রায় নয় লাখ টাকার গরমিলের পাশাপাশি একই ক্রমিকের একাধিক রসিদ বই ব্যবহার ও নামে-বেনামে ব্যয় দেখানো, প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব না খুলে অধ্যক্ষ নিজের কাছে সব টাকা রাখাসহ নানা অনিয়ম ধরা পড়ে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করে মনে হয়েছে, প্রতিষ্ঠাকাল থেকেই প্রতিষ্ঠানটিতে যথাযতভাবে সরকারি কোনো নিয়মকানুনই পালন করা হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম প্রথম আলোকে বলেন, এশফাকুল হক মান্না আলিম মাদ্রাসার অধ্যক্ষের নানা অনিয়ম ইতিমধ্যে নিরীক্ষা কমিটির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। নিয়ম অনুযায়ী তাঁকে কারণ দর্শানো হয়েছে। এ ক্ষেত্রে তাঁর জবাব সন্তোষজনক না হলে বিধি অনুসারে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।