মাদ্রাসার একাধিক তৃতীয় শ্রেণী পাওয়া শিক্ষকেরাও যোগ্য হবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মতো দাখিল স্তরের মাদ্রাসা শিক্ষায় একাধিক তৃতীয় শ্রেণী পাওয়া ইনডেক্সধারী এমপিওভুক্ত শিক্ষকেরাও মাদ্রাসা বা সমপর্যায়ের প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান বা সমমর্যাদার পদের জন্য যোগ্য হবেন। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এক আদেশ জারি করেছে।এত দিন কেবল মাদ্রাসা পর্যায়ে শিক্ষায় একটি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য ছিল।মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, গত বছরের ১৮ মে জারি হওয়া পরিপত্র অনুযায়ী বেসরকারি নিম্নমাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে একাধিক তৃতীয় বিভাগ/শ্রেণী পাওয়া শিক্ষকেরা উল্লিখিত পদে নিয়োগ লাভের যোগ্য। এতে মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের বিষয়টির সুস্পষ্টভাবে উল্লেখ ছিল না। এই প্রেক্ষাপটে সরকার সিদ্ধান্ত নিয়েছে, একই নির্দেশাবলি দাখিল স্তরের মাদ্রাসায় কর্মরত ইনডেক্সধারী এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ২০১০ সালের ৪ ফেব্রুয়ারির এক আদেশ অনুযায়ী বিদ্যালয় ও মাদ্রাসা—দুই ক্ষেত্রেই শুধু একটি তৃতীয় শ্রেণী পাওয়া শিক্ষকেরা ওই সব পদের জন্য যোগ্য হতে পারতেন। পরে কেবল বিদ্যালয়ের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়। সর্বশেষ আদেশের ফলে মাদ্রাসাতেও একাধিক তৃতীয় শ্রেণী পাওয়া ইনডেক্সধারী এমপিওভুক্ত শিক্ষকেরা যোগ্য বিবেচিত হবেন।