মাদ্রাসার কক্ষে বিপণিবিতান, শিক্ষকদের মধ্যে বাঁটোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে জাহিদুল ইসলাম জুয়েল মেমোরিয়াল সিনিয়র দাখিল মাদ্রাসা ভবনের দুটি শ্রেণীকক্ষ ভেঙে বিপণিবিতান নির্মাণের কাজ চলছে। বিপণিবিতানের সাতটি দোকান মাদ্রাসার সুপারসহ শিক্ষকদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে।মাদ্রাসা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৯৮২ সালে স্থাপিত মাদ্রাসাটিতে দোতলা দুটি ভবন আছে। একটি ভবনে ছয়টি এবং অন্য ভবনে চারটি কক্ষ ছিল। মাদ্রাসায় ৪০০ ছাত্রছাত্রী আছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে সপ্তাহ দুয়েক আগে একটি ভবনের নিচতলার দুটি শ্রেণীকক্ষ ভেঙে সাতটি দোকান নির্মাণকাজ শুরু হয়। একেকটি দোকান ৬০ হাজার টাকা করে চার লাখ ২০ হাজার টাকা জামানত এবং প্রতিটি দোকান মাসিক ২০০ টাকা ভাড়ায় মাদ্রাসার সুপারসহ শিক্ষকদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মাদ্রাসার ছাত্রছাত্রীরা জানায়, এমনিতেই আমাদের ক্লাস ও পরীক্ষা দেওয়ার জায়গা হয় না। খেলাধুলার জায়গা নেই। এর মধ্যে আবার কক্ষ ভেঙে বিপণিবিতান করা হচ্ছে। বিপণিবিতানে লোকজন কেনাকাটা করতে এলে লেখাপড়ার সমস্যা হবে।মাদ্রাসার সুপার আবদুস সামাদ কক্ষ ভেঙে দোকান নির্মাণের কথা স্বীকার করে বলেন, ‘পরিচালনা কমিটির সিদ্ধান্ত নিয়ে যে কাজটি করেছি, তা মাদ্রাসার উন্নয়নের স্বার্থেই করেছি। বিপণিবিতানের পাশে ছাত্রছাত্রীদের জন্য দুটি পায়খানার ব্যবস্থা করা হয়েছে। ঝামেলা এড়ানোর জন্য আমিসহ শিক্ষকদের মধ্যে দোকানগুলো বণ্টন করে নেওয়া হয়েছে। দোকানের জামানতের টাকা দিয়ে ওই ভবনের তৃতীয় তলার কাজ শুরু করা হয়েছে। সেখানে কক্ষ নির্মাণ করে শ্রেণীকক্ষসংকট নিরসনের ব্যবস্থা করা হবে।’মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান জানান, মাদ্রাসার উন্নয়নের স্বার্থে কক্ষ ভেঙে দোকান নির্মাণ করা হয়েছে। দোকানগুলো বাইরের কাউকে না দিয়ে শিক্ষকদের মধ্যে ভাড়া দেওয়া হয়েছে। অন্য কোনো অনিয়ম করা হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, মাদ্রাসার কক্ষ ভেঙে বিপণিবিতান নির্মাণ করার কোনো নিয়ম নেই। এ বিষয়ে আমাকে জানানো হয়নি। পরিচালনা কমিটির সিদ্ধান্ত নিয়ে তাঁরা এ কাজ করেছেন।