মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী পাঠ্যবই পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বই উৎসবের ১০ দিন পার হলেও টাঙ্গাইলের সখীপুরে নতুন বই পায়নি মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী। গতকাল শনিবার বিকেল পযর্ন্ত উপজেলার ২৭টি মাদ্রাসার সপ্তম ও অষ্টম শ্রেণীর কোনো শিক্ষার্থী নতুন বই পায়নি। ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা কয়েকটি পাঠ্যবই পেয়েছে।
মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ২৭টি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে বইয়ের চাহিদা এক হাজার ২৯০ সেট, সপ্তম শ্রেণীতে এক হাজার ১৪৫ সেট ও অষ্টম শ্রেণীতে ৯১৫ সেট। এর মধ্যে শুধু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ‘তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ’ বই পেয়েছে। সপ্তম ও অষ্টম শ্রেণীর কোনো শিক্ষার্থীই বই পায়নি। নবম শ্রেণীর শিক্ষার্থীরা দুই-একটি বই ছাড়া আর কোনো বই-ই পায়নি।
বেড়বাড়ি দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বলে, ‘নতুন বইয়ের আশায় প্রতিদিন মাদ্রাসায় যাই। কিন্তু গত ১০ দিনেও বই পাইনি। ফলে পড়াশোনা শুরুই করতে পারছি না।’
প্রতিমাবঙ্কী সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র বায়েজিদ বোস্তামী বলে, ‘স্কুলের ছাত্ররা যথাসময়ে বই পেলেও আমরা এখনো নতুন বইয়ের গন্ধ শুঁকতে পারলাম না।’
বেড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপারিটেন্ডেন্ট মাওলানা কামরুজ্জামান বলেন, নতুন বই না পেয়ে অনেক শিক্ষার্থী মাদ্রাসা ছেড়ে পাশের হাইস্কুলে ভর্তি হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ‘মাদ্রাসার কয়েকটি শ্রেণীর কিছু বই এসেছে। বাকি বই আনতে আমি প্রতিদিনই জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম বোর্ডে (এনসিটিবি) যোগাযোগ রাখছি। আসা মাত্রই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে।’