দেশের বিভিন্ন স্থানে মসজিদের ইমাম-খতিব ও মাদ্রাসার ছাত্র-শিক্ষিকদের গ্রেপ্তার, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। শাহ আহমদ শফী গত রোববার এক বিবৃতিতে এই আহ্বান জানান। তিনি হেফাজতে ইসলামকে রাজনৈতিক ও সহিংস সংগঠন হিসেবে চিত্রিত করতে বিভিন্ন মহলের অপচেষ্টার প্রতিবাদ জানান। বিবৃতিতে অবিলম্বে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর মুক্তির দাবি করে বলা হয়, জুনায়েদ বাবুনগরী কখনো প্রচলিত রাজনীতি ও সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন না। তিনি জীবনভর মাদ্রাসায় কোরআন-হাদিসের জটিল ব্যাখ্যামূলক গ্রন্থসমূহ ছাত্রদের পড়িয়েছেন। তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আহমত শফী আশা প্রকাশ করেন, বাবুনগরীসহ ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে সরকার। তিনি বলেন, হেফাজতে ইসলাম অতীতেও যেমন কোনো ধরনের রাজনৈতিক ও সহিংস ভূমিকা পালন করেনি, ভবিষ্যতেও এমন কিছুতে জড়াবে না। সরকারের জনসমর্থন নেই: গতকাল সকালে রাজধানীর একটি মাদ্রাসায় হেফাজতের ঢাকা মহানগর কমিটির এক জরুরি সভা হয়। তাতে বলা হয়, ‘নাস্তিক-মুরতাদঘেঁষা জুলুমবাজ সরকারের প্রতি জনগণের সমর্থন নেই। সরকার দেশে একের পর এক নৈরাজ্য সৃষ্টির পর এখন সভা-সমাবেশের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা দিয়েছে। ইন্টারনেট-সেবায় নিয়ন্ত্রণ আরোপ করছে, ইউটিউব বন্ধ করে দিচ্ছে, আলেম-ওলামাদের গ্রেপ্তার করে রিমান্ডে পাঠাচ্ছে। হেফাজতের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নুর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সভায় আবদুর রব ইউসুফী, তৈয়্যব হোসাইন, মাহফুজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। হেফাজতের তিন নেতা চার দিনের রিমান্ডে রাজধানীর মতিঝিলে ৫ মের সহিংস ঘটনায় করা দুটি মামলায় হেফাজতে ইসলামের তিন নেতাকে প্রতি মামলায় দুই দিন করে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ এই আদেশ দেন। হেফাজতের এই তিন নেতা হলেন রাজধানীর লালবাগ শাহী মসজিদের খতিব ও মিরপুর জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ এমরান মাজহারী, একই মাদ্রাসার উপাধ্যক্ষ মিজানুর রহমান ও মিরপুর জামিউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার।