মাদ্রাসার ছাত্রসহ পাঁচ জেলায় নিহত ৮
চুয়াডাঙ্গার দামুড়হুদা, নওগাঁর মান্দা, মাদারীপুরের রাজৈর, ভোলা ও মৌলভীবাজারের কুলাউড়ায় গত মঙ্গল ও বুধবার সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্রসহ আটজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কের দামুড়হুদা উপজেলার লোকনাথপুর বাজারে বুধবার মাইক্রোবাসের ধাক্কায় প্রথম শ্রেণীর ছাত্রী ফেরদৌসি (৬) নিহত হয়। সে লোকনাথপুর গ্রামের আলাউদ্দিনের মেয়ে। একই দিন দামুড়হুদা ব্র্যাকের স্থানীয় কার্যালয়ের সামনে ট্রাকের চাপায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার নৈকোড় গ্রামের মাইনুদ্দিন (৬৫) নিহত হন।নওগাঁ: নওগাঁ-রাজশাহী সড়কের মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় বুধবার একটি পিকআপ ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটির যাত্রী পঞ্চম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান লিমা (১১) নিহত হয়। গত মঙ্গলবার গোবিন্দপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় তুহিন (৮) নামের এক শিশু নিহত হয়। মাদারীপুর: রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় বুধবার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের একজন নিহত এবং ৪০ যাত্রী আহত হয়। ভোলা: সদর উপজেলার ব্যাংকেরহাট বাজারে বুধবার বেলা ১১টায় অটো-রিকশার চাপায় রাসেদ (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে স্থানীয় মো. জাহাঙ্গীরের ছেলে। একই দিন লালমোহন উপজেলার হরিগঞ্জ বাজারে ট্রাকের চাপায় মো. আরিফ (১৮) নামের এক তরুণ নিহত হয়। জুড়ী (মৌলভীবাজার): কুলাউড়া উপজেলার নাছনি এলাকায় গত বুধবার পিকআপের ধাক্কায় শরিফ আলী (৯) নামের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।