মাদ্রাসার ছাত্রসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সাতক্ষীরার কলারোয়া ও শ্যামনগরে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার এক ছাত্রসহ দুজন নিহত হয়। গোপালগঞ্জ সদর, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও ঢাকার আশুলিয়ায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: কলারোয়া উপজেলার কাঁদপুর মোড়ে গতকাল একটি ট্রাকের চাপায় রাজু আহম্মেদ (১২) নামের মাদ্রাসার এক ছাত্র নিহত হয়েছে। সে কলারোয়া উপজেলার কাঁদপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। একই দিন শ্যামনগর সদরের একটি বাস কাউন্টারের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নূর আহম্মেদ নামের এক বৃদ্ধ নিহত হন। গোপালগঞ্জ: গোপালগঞ্জের পদ্মবিলা এলাকায় গতকাল রোববার ট্রাকের চাপায় ওই ট্রাকের চালকেরই সহকারী অধীর বারিকদার (৪০) নিহত হন। নিহত ব্যক্তির বাড়ি সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামে।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উপজেলার শ্রীকোলা গ্রামের কাছে বাসের চাপায় রনি আহমেদ (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উল্লাপাড়ার পূর্ব দেলুয়া গ্রামের হায়দার আলীর ছেলে। মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া থানার নিরিবিলি এলাকায় শনিবার যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আসাদ (৩০)। তিনি দুর্ঘটনাকবলিত ঈগল পরিবহনের একটি বাসের চালক।