মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীর সেনবাগের কানকিরহাট ইসলামিয়া মাদ্রাসা ভবন। ছবি: প্রথম আলো
নোয়াখালীর সেনবাগের কানকিরহাট ইসলামিয়া মাদ্রাসা ভবন। ছবি: প্রথম আলো

নোয়াখালীর সেনবাগে একটি মাদ্রাসার চারতলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তার নাম জহিরুল ইসলাম (১৩)। এ ঘটনায় আহত হয়েছে সাইফুল ইসলাম (১৬) নামের আরেক শিক্ষার্থী।

ঘটনার পর রাতেই সাইফুলকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হতাহত দুজনই কানকিরহাট ইসলামিয়া মাদ্রাসার ছাত্র। নিহত জহিরুল ইসলাম সেনবাগ পৌরসভার অষ্টদ্রোণ গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় লোকজনের তথ্যমতে, ওই দুই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে রাতেই সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ওই শিক্ষার্থীরা নিয়মিত মাদ্রাসায় আসতে চাইত না। অভিভাবকেরা তাদের জোর করে মাদ্রাসায় দিয়ে যান। এ কারণেই হয়তো তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

ঘটনার বিষয়ে জানতে মাদ্রাসাটির প্রধান শহিদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে অপর একজন ফোন ধরেন। নিজেকে তিনি মাদ্রাসার সহকারী শিক্ষক পরিচয় দিয়ে বলেন, ‘হুজুর বাইরে আছেন। তিনি সকালের শিফটে ডিউটিতে এসেছেন, ঘটনা কী ঘটেছে, তা তিনি জানেন না।’

সকাল ১০টা পর্যন্ত দুই শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সেনবাগ থানা-পুলিশ জানিয়েছে, এই ঘটনায় শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকেও সকাল ১০টা পর্যন্ত কেউ অভিযোগ করেননি।