মাদ্রাসার টাকা আত্মসাত্ করলেন আ.লীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হাকিম খানের বিরুদ্ধে টেস্ট রিলিফের (টিআর) চাল, কর্মসৃজন কর্মসূচির অর্থ আত্মসাত্সহ নানা অভিযোগ উঠেছে। তিনি উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি নেছারিয়া সিনিয়র মাদ্রাসার সভাপতি হিসেবে উন্নয়ন কাজের নামে ওই অর্থ আত্মসাত্ করেছেন বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও সরেজমিনে ঘুরে জানা গেছে। দুর্গাপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ তালুকদার বলেন, ‘আবদুল হাকিম খান পাটকাঠি নেছারিয়া সিনিয়র মাদ্রাসার তিন টন চাল ও ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির অর্থ আত্মসাত্ করেছেন। এ ছাড়া ভিজিডি-ভিজিএফ কার্ডধারীদের কাছ থেকেও টাকা নিয়েছেন। তাঁর কারণে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’মাদ্রাসার অধ্যক্ষ আবুবকর বলেন, ‘সভাপতি মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের দায়িত্বে থাকায় তিনি নিজে ওই চাল তুলেছেন। কত টাকা পেয়েছেন ও খরচ করেছেন তার সবই তিনিই জানেন।’মাদ্রাসার উন্নয়ন কাজে বেঞ্চ তৈরি করেছেন, কাঠমিস্ত্রী নুরুল ইসলাম। নুরুল ইসলাম জানান, তিনি মাদ্রাসার ২০টি বেঞ্চ তৈরি করে দিয়েছেন। এ জন্য তাঁকে আট হাজার টাকা দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে ২০ জন শ্রমিকের কাজ করার কথা থাকলেও হাকিম খান মাত্র ছয় জন লোক দিয়ে কাজ করিয়েছেন। শ্রমিক মোতালেব হাওলাদার জানান, তিনি সবচেয়ে বেশি ২৬ দিন কাজ করার সুযোগ পেয়েছেন। বাকিরা তিন থেকে ১২ দিন কাজ করেছেন। কাজ করে তারা নগদ টাকা পেয়েছেন। পাটকাঠী গ্রামের মোজাম্মেল হাওলাদার বলেন, ‘এক লাখ ২০ হাজার টাকা দেওয়া হলেও কাজ হয়েছে নামমাত্র। ২০ জনের নামে ব্যাংকে অ্যাকাউন্ট করলেও সব স্বাক্ষর নিজে দিয়ে টাকা তুলেছেন হাকিম খান।’ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম ফকির বলেন, ‘হাকিম খান কর্মসৃজন কর্মসূচিই নয়, ভিজিএফ, ভিজিডি কার্ডের জন্যও অর্থ আদায় করেছেন। তার জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।’আবদুল হাকিম খান প্রথম আলোকে বলেন, ‘ভিজিএফ, ভিজিডি কার্ড আমি বরাদ্দ করিনি। মাদ্রাসার জন্য টিআরের দুই টন চাল পেয়েছি, তার কাজ করা হয়েছে। কর্মসৃজন কর্মসূচির নগদ অর্থ দেওয়া হয়েছে ঠিক, তবে এ বিষয়ে ট্যাগ অফিসার ভালো বলতে পারবেন।’ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খগোপতি রায় বলেন, ‘আমাদের পক্ষে অনেক দূর থেকে প্রতিদিন খোঁজ নেওয়া সম্ভব হয় না। শ্রমিকদেরই ব্যাংক থেকে টাকা উত্তোলন করার কথা। নগদ অর্থ কীভাবে পেল, জানি না। আমি কোনো টাকা উত্তোলন করে কাউকে দিইনি।’বাকেরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার বলেন, ‘টিআর, কর্মসৃজন কর্মসূচি, ভিজিএফ ও ভিজিডি কার্ডের অনিয়মের বিষয়ে প্রায় সব ইউনিয়নেই অভিযোগ রয়েছে। দল থেকে এ ব্যাপারে ভূমিকা নেওয়া সম্ভব নয়।’বরিশাল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংসদ তালুকদার মো. ইউনুস প্রথম আলোকে বলেন, ‘টিআর, কর্মসৃজন কর্মসূচি, ভিজিএফ ও ভিজিডি কার্ডের অনিয়মের বিষয়ে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে।’