মাদ্রাসার তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়াই হাশেমিয়া দাখিল মাদ্রাসার পাঁচ ছাত্রকে পিটিয়ে আহত করায় প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়কের অপসারণ চেয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ ঘটনায় তত্ত্বাবধায়কের বিরুদ্ধে মামলা করার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষার্থী ও মাদ্রাসা কার্যালয় সূত্রে জানা গেছে, মাদ্রাসাটিতে দীর্ঘদিন থেকে গণিত, কৃষিশিক্ষা, কম্পিউটার ও বিপিএড শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে শিক্ষার্থীরা এসব বিষয়ে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীরা জানায়, গত শনিবার দশম শ্রেণীর কয়েকজন ছাত্র গণিতশিক্ষক নিয়োগের দাবি নিয়ে তত্ত্বাবধায়ক মাওলানা শরিফুল ইসলামের কক্ষে যায়। এতে তিনি ছাত্রদের ওপর চটে যান এবং একপর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে পাঁচ ছাত্রকে আহত করেন। আহত ছাত্ররা হচ্ছে: দশম শ্রেণীর ১ নম্বর রোল নম্বরধারী ছাত্র মো. আজিজুল আলম এবং অপর চার ছাত্র মো. আবদুল আজিজ, মিজানুর রহমান, ইসমাইল হোসেন ও ইয়াছিন আরাফাত। এদের মধ্যে গুরুতর আহত আজিজুল আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর শুনে শনিবার বিকেলে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকেরা মাদ্রাসা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। গত রোববার রাতে আজিজুল আলমের বাবা বিনোদপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। গতকাল মঙ্গলবার সকালে অভিভাবকেরা মাদ্রাসার বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে শরিফুল ইসলামের অপসারণ দাবি করেন এবং একই দাবিতে শিক্ষার্থীরা প্রাক-নির্বাচনী ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা বর্জন করে। পরিস্থিতি সামাল দিতে গতকাল দুপুরে মাদ্রাসা পরিচালনা কমিটি জরুরি সভা ডাকে। পরে সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শাহীন পারভেজ বলেছেন, শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য শরিফুল ইসলামের মুঠোফোনে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।