মাদ্রাসার তত্ত্বাবধায়কের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা হোছাইনিয়া বদরুল উলুম দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়কের (সুপারিনটেনডেন্ট) বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। মাদ্রাসার অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত ১৬ জানুয়ারি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত এপ্রিলে মাদ্রাসার অ্যাডহক কমিটি গঠন করা হয়। এর পর থেকে কমিটির কোনো সভা হয়নি। কমিটির সভাপতি শাহজাহান চৌধুরীর সহযোগিতায় তত্ত্বাবধায়ক আ ম ম নুরুচ্ছফা মাদ্রাসায় না এসে নিয়মিত বেতন-ভাতাদি তুলছেন। এই অনিয়মের প্রতিবাদ করায় একই মাদ্রাসার শিক্ষক মুবিনুল হক, মকছুদুল করিম ও অফিস সহকারী ফরিদুল আলমের বেতন-ভাতা চার মাস ধরে বন্ধ রেখেছেন তিনি।গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক মাদ্রাসার এক একর লবণমাঠের জমির খাজনার ৩৭ হাজার টাকা ও টিউশন ফির ৪৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। ওই মাদ্রাসার শিক্ষক ফরিদুল আলম বলেন, ‘সুপার মাসে একবার এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। এর প্রতিবাদ করায় আমার নিজের বেতনসহ তিন শিক্ষকের বেতন-ভাতা গত সেপ্টেম্বর থেকে বন্ধ করে দিয়েছেন। বেতন-ভাতা পেতে সুপার আমাদের কাছে উৎকোচ দাবি করেছেন।’ অর্থ আত্মসাৎ ও উৎকোচ দাবির অভিযোগ ভিত্তিহীন দাবি করে সুপার নুরুচ্ছফা বলেন, ওই মাদ্রাসার শিক্ষক মুবিনুল হক ও তাঁর লোকজনের হুমকির মুখে তিনি নিয়মিত মাদ্রাসায় যেতে পারছেন না।ইউএনও এ টি এম কাউসার হোসেন বলেন, লিখিত অভিযোগ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।