মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ আট দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারটোলা হাফেজিয়া কওমি মাদ্রাসার ছাত্র মো. রফিক (১০) ও মো. হামিদুল (১৩) আট দিন ধরে নিখোঁজ। তাদের অভিভাবকেরা এ বিষয়ে অভিযোগ করলেও মাদ্রাসার পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি।
রফিক ও হামিদুল ওই মাদ্রাসার ‘কিতাব’ বিভাগে লেখাপড়া করে। ৯ জানুয়ারি সকাল থেকে তারা নিখোঁজ। রফিক উপজেলার নতুন পানিসারা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ও হামিদুল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার উপরসিলট গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে।
সেকেন্দার আলী জানান, ধর্মীয় শিক্ষায় তাঁর ছেলেকে বড় করবেন এই আশায় তিনি ওই মাদ্রাসায় দুই বছর আগে ছেলেকে ভর্তি করে দেন। রাতে তাঁর ছেলে অন্য ছাত্রদের সঙ্গে মাদ্রাসায় থাকত। আট দিন ধরে ছেলের খোঁজ নেই, এই সংবাদটি মাদ্রাসার সুপার তাঁকে জানাননি। মাদ্রাসার অন্য এক ছাত্রের বাবার কাছ থেকে গত বৃহস্পতিবার তিনি ছেলের নিখোঁজের সংবাদ পান। এদিন বিকেলে তিনি মাদ্রাসার সুপারের কাছে গিয়েও ছেলের সংবাদ জানতে পারেননি।
হামিদুলের বড় ভাই আবদুর রহিম বলেন, ‘আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি। কোথাও তাকে খুঁজে পাইনি।’
ওই মাদ্রাসায় লেখাপড়া করা কয়েকজন ছাত্র জানায়, রফিক ও হামিদুল কোথায় গেছে তারাও জানে না। যাওয়ার সময় তাদের কিছু বলে যায়নি।
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হক জানান, আট দিন ধরে দুটি শিশু নিখোঁজ হলেও মাদ্রাসার সুপার গত বুধবার এ কথা তাঁকে জানিয়েছেন। শিশুরা কোথায় রয়েছে, তিনি খোঁজ নেওয়ার চেষ্টা করছেন।
মাদ্রাসার সুপার হাফেজ মো. আবদুল মান্নান বলেন, ‘ওই দুই শিশু এর আগেও আমাকে না জানিয়ে বাড়ি গিয়েছিল। দুই-তিন দিন পর আবার ফিরে এসেছে। এবারও কাউকে কিছু না বলে ওই দিন সকালে চলে গেছে।’ শিশুদের অভিভাবকের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘শিশুদের অভিভাবককে জানানোর চেষ্টা করেছি। কিন্তু তাঁদের না পাওয়ায় জানানো যায়নি।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।