মাদ্রাসার নামে শিশুদের দিয়ে টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি পরিয়ে ১০ বছরের কম বয়সী শিশুদের দিয়ে যশোর শহরের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি থেকে টাকা ও চাল তোলা হচ্ছে। বিনিময়ে ওই শিশুদের প্রতিদিন জনপ্রতি ৩০-৪০ টাকা করে দেওয়া হয়। যশোর অন্ধ সংস্থা পরিচালিত হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও বোর্ডিংয়ের জন্য টাকা আদায়ের কাজে এ রকম ২০টি শিশুকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে অর্থ আদায় বা অর্থ লাভ প্রতারণা ও জালিয়াতির বিভিন্ন ধারায় অপরাধ হিসেবে গণ্য হবে। যারা শিশুদের এ কাজে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে।গত বৃহস্পতিবার সকালে শহরের ঘোপ এলাকার রাস্তায় একটি ভ্যানে পিকুল আহমেদ নামে একজন দৃষ্টিপ্রতিবন্ধী মাইক্রোফোনে বলছিলেন, ‘আল্লাহর ওয়াস্তে আপনারা কিছু দান করেন। অন্ধ এতিম শিশুদের দান করলে ফায়দা হবে। পরকালে শান্তি পাবেন।’ ভ্যানের অদূরে দুটি বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে দুই শিশু রোকন (৯) ও সুমন (৮) ভিক্ষা চাইছিল।খোঁজ নিয়ে জানা গেছে, খোকন ও সুমন দুই ভাই। তাদের বাবা বাদাম বিক্রি করে সংসার চালান। দরিদ্র পরিবারের সন্তান বলে তারা বিদ্যালয়ে যায় না। ‘ভিক্ষা করছ কেন’—জানতে চাইলে রোকন বলে, ‘ভিক্ষা হবে ক্যান, এটা তো কাজ। যেদিন যে রকম ট্যাকা-পয়সা আদায় হয়, সেদিন সে রকম কমিশন পাই।’জানতে চাইলে পিকুল আহমেদ বলেন, ‘এটি মাদ্রাসা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন। আমরা কমিশনে কাজ করি। শতকরা ৫০ টাকা আমাকে দেওয়া হয়। বাকি টাকা মাদ্রাসায় জমা দেওয়া হয়।’ তিনি জানান, প্রতিদিন শহরে পাঁচটি ভ্যান নামিয়ে পাড়া-মহল্লা থেকে টাকা ও চাল সংগ্রহ করা হয়। প্রতিটি ভ্যানের সঙ্গে তিন থেকে চারজন করে শিশু থাকে।মাদ্রাসা সূত্রে জানা গেছে, শহরের বেজপাড়া, ষষ্ঠীতলা ও পোস্ট অফিস পাড়ায় নজির আহমেদ, বড় বাজার ও বারান্দিপাড়ায় মনসুর আলী, স্টেডিয়ামপাড়া ও রবীন্দ্রনাথ সড়কে সাহাবুদ্দিন, উপশহর ও জেল সড়কে মোক্তার আলী এবং ঘোপ এলাকায় পিকুল আহমেদ শিশুদের দিয়ে এভাবে ভিক্ষাবৃত্তি করানো হচ্ছে। হাফিজিয়া মাদ্রাসায় বর্তমানে ২৪ জন ছাত্র লেখাপড়া করে।অভিযোগ অস্বীকার করে যশোর অন্ধ সংস্থার পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী বলেন, ‘আদায়কারীরা শিশুদের ব্যবহার করছেন। আমরা রেজ্যুলেশন করে আদায়কারীদের জানিয়ে দিয়েছি, তোমরা টাকা আদায়ের কাজে শিশুদের ব্যবহার করবা না। তার পরও তারা শোনে না।’সংস্থাটির কার্যক্রম তদারকির দায়িত্ব সমাজসেবা অধিদপ্তরের। এ ব্যাপারে সমাজসেবা অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক আবদুল হক বলেন, সংস্থাটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইতিমধ্যে সংস্থার কমিটি গঠনসহ বেশ কিছু অনিয়ম-দুর্নীতি ধরা পড়েছে। এ জন্য কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করে দেওয়া হয়। কিন্তু আগের কমিটির লোকজন তা মানেনি। এখন ওই সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।