সিলেটের ফেঞ্চুগঞ্জের একটি মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। গুণগত মান নিশ্চিত না করায় এলাকাবাসী বুধবার থেকে ওই ভবন নির্মাণ প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন। স্থানীয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ফেঞ্চুগঞ্জের মানিকোনা দারুল কেরাত সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ৫৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নতুন একটি ভবন নির্মাণের কার্যাদেশ পায় সিলেটের ঠিকাদারি প্রতিষ্ঠান শাওন এন্টারপ্রাইজ। চলতি বছরের ৬ জুন নির্মাণকাজ শুরু করা হয়। শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি দরপত্র মোতাবেক কাজ না করে নদীর বালু দিয়ে নির্মাণকাজ চালাতে থাকে। ভবনটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে এলাকাবাসী প্রথম থেকেই প্রতিবাদ করে আসছিলেন।মানিকোনা গ্রামের মুজিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতিষ্ঠানটা এলাকার। আমরা এত বছর বাদে একটা বিল্ডিং পাইছি। কিন্তু সঠিকভাবে কাজ না করায় আমরা কাজ বন্ধ করি দিছি।’মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী নানু মিয়া বলেন, স্থানীয় লোকজন সঠিকভাবে কাজ করার কথা বলায় নির্মাণশ্রমিকেরা কাজ বন্ধ করে চলে গেছেন। তিনি দাবি করেন, বাইরের থেকে একজন প্রকৌশলী নিয়ে এসে কাগজপত্র পরীক্ষা করে তাঁরা দেখতে পেয়েছেন, সঠিকভাবে কাজ করা হচ্ছে না। নির্মাণকাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন শাওন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম। তিনি দাবি করেন, দরপত্র মোতাবেকই কাজ করা হচ্ছে। কাজ বন্ধ কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহজালাল (র.)-এর ওরস থাকায় নির্মাণশ্রমিকেরা কাজ করেননি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিলেট কার্যালয়ের উপপ্রকৌশলী মামুনুর রশীদ বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন। দরপত্র মোতাবেক ওই কাজ সম্পন্ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।