মাদ্রাসার পিলারের সঙ্গে বেঁধে শিশুকে বেত্রাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার একটি মাদ্রাসায় আবদুল্লাহ বিন আকতার (৯) নামের এক ছাত্রকে পিলারের সঙ্গে বেঁধে এক শিক্ষক বেত্রাঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খবর সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমের কর্মীরা আক্রমণের শিকার হয়েছেন।
১১ জুলাই আশরাফুল উলুম (কওমি) হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. তানভীর ওই ছাত্রকে পিলারের সঙ্গে বেঁধে রেখে বেত্রাঘাত করেন। পরে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় ছাত্রটিকে গত রোববার সকালে পরিবারের লোকজন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় দুপুরের দিকে খবর সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমের কর্মীরা হামলার শিকার হন। এ সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মিলন উল্লাহ, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, প্রথম আলোর জেলা প্রতিনিধি তৌহিদী হাসান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ও চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান নিয়ামুল হক আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার রাতে মাদ্রাসাছাত্রের এক আত্মীয় বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। রাতেই তানভীরকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গতকাল আরেকটি মামলা করার প্রস্তুতি চলছে।
কুষ্টিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্যসচিব আল মামুন সাগর জানান, সাংবাদিকদের ওপর হামলা খুবই ন্যক্কারজনক। এ ঘটনার বিচারের দাবিতে কর্মসূচি দেওয়া হবে।
মাদ্রাসাছাত্র আবদুল্লাহ বিন আকতার জানায়, বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে মুঠোফোন চুরির অভিযোগ আনেন তানভীর। এরপর তাকে মাদ্রাসার তিনতলায় নিয়ে পিলারের সঙ্গে বেঁধে মাথা থেকে পা পর্যন্ত বেধড়ক পেটান তিনি। এ সময় তার চিৎকার শুনেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। এভাবে বিকেল পর্যন্ত তাকে তিন দফায় বেত্রাঘাত করা হয়। ওই দিন রাতে আবদুল্লাহর ফুফাতো ভাই একই মাদ্রাসায় অধ্যয়নরত সাব্বির হোসেন তাকে কুমারখালী উপজেলার দুর্গাপুর গ্রামের বাড়িতে নিয়ে যায়।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক খন্দকার আবুল হাসনাত জানান, আবদুল্লাহর শরীরের বেশির ভাগ জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে। সেরে উঠতে তার দুই সপ্তাহের বেশি সময় লাগবে।
আশরাফুল উলুম (কওমি) হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু দাউদ জানান, অভিযুক্ত তানভীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, ওই শিক্ষক ও হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক অভিযান চলছে।