মাদ্রাসার বরাদ্দ চাল-টাকা আত্মসাতের অভিযোগ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী বাজারের নূরুল প্রামাণিকের বাড়ির হাফিজিয়া মাদ্রাসার নামে দুটি প্রকল্প দেখিয়ে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির এক মেট্রিক টন চাল ও ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।উপজেলা ত্রাণ কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্প দুটির সভাপতি যথাক্রমে রফিকুল ইসলাম ও আবদুস সবুর। প্রকল্পের কাজ সম্পন্ন দেখিয়ে গত ৩০ জুন বরাদ্দ ওই চাল ও অর্থ উত্তোলন করা হয়। গত ১২ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে মাদ্রাসা পরিচালনা কমিটিকে ওই চাল ও টাকা ফেরত চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শামসুল আলম বলেন, ‘আমার মাদ্রাসার নামে টিআর প্রকল্পের মাল উঠল অথচ আমরা জানি না।’ তিনি বলেন, নোটিশ পাওয়ার পর খোঁজ নিয়ে জানতে পারি, শৌলমারী ইউনিয়নের চৎলাকান্দা গ্রামের দুই ভাই রফিকুল ইসলাম ও আবদুস সবুর প্রকল্প দুটির সভাপতি। আর মাদ্রাসার অবস্থান যাদুরচর ইউনিয়নে। মাদ্রাসার সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা বা যোগাযোগ নেই। তাঁরা প্রকল্পের বরাদ্দ চাল ও অর্থ আত্মসাৎ করেছেন। বিষয়টি স্থানীয় সাংসদ জাকির হোসেনকে অবহিত করার পর তাঁর পরামর্শ অনুযায়ী ৭ জুলাই আবদুস সবুর, সোবাহান, রফিকুল ইসলাম ও ফুল মিয়ার বিরুদ্ধে রৌমারী থানায় অভিযোগ করা হলেও পুলিশ ব্যবস্থা নেয়নি। আবদুস সবুর বলেন, ‘৪০ হাজার টাকার মধ্যে খরচ ও পিআইওকে খুশি করতে ২০ হাজার টাকা শেষ হয়ে গেছে। ১২ হাজার টাকা ওই মাদ্রাসায় দেওয়া হয়েছে।’ রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পিআইও সাখাওয়াত হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ওই দুই ব্যক্তিকে বরাদ্দ অর্থ মাদ্রাসা পরিচালনা কমিটিকে দেওয়ার জন্য বলেছি।’ রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শওকত আলম মজুমদার বলেন, ‘ওই প্রকল্প দুটির এক ফোঁটা কাজও করা হয়নি। তাই চাল ও টাকা ফেরত চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।’