মাদ্রাসার বারান্দাটিই যেন তাঁর ঠিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদ্রসার বারান্দায় আশ্রয় নেওয়া আবদুল দুলাল
মাদ্রসার বারান্দায় আশ্রয় নেওয়া আবদুল দুলাল

রাতের বেলায় বারান্দায় মশারি টানিয়ে ঘুমিয়ে পড়েন। শয্যার পাশেই থাকে হাঁড়ি-পাতিল ও থালাবাসন। দিনের আলো ফোটার আগেই বারান্দা থেকে সব জিনিসপত্র সরিয়ে মাদ্রাসা মাঠের মিনারের কাছে রেখে দেন। দিনের বেলা মাদ্রাসা ছুটির পর আবার বারান্দায় জিনিসপত্র নিয়ে আসেন। বারান্দার পাশেই একটি চুলা বানিয়ে রান্না করেন। মাদ্রাসার বারান্দাই যেন তাঁর ঠিকানা।
জয়পুরহাটের আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার বারান্দায় দুই বছর ধরে এভাবে থাকছেন আবদুল দুলাল (৪৫)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে।
গত সোমবার ওই মাদ্রাসায় গিয়ে দেখা যায়, পরিত্যক্ত একটি কক্ষে মাটির চুলায় রান্না করছেন তিনি। কক্ষটির ওপরে ছাউনি নেই। চুলায় ঠিকমতো আগুন জ্বলছিল না। ওই ব্যক্তি বললেন, তিনি দুপুরে খাবারের জন্য তরকারি রান্না করছেন। বৃষ্টির পানিতে খড়িগুলো ও চুলা ভিজে যাওয়ায় ঠিকমতো জ্বলছে না। তবু চেষ্টা করছেন। প্রতিদিন তিনি এক বেলা খাবার রান্না করেন। দুপুরে খাওয়ার পর অবশিষ্ট যা থাকে, তা রাতে খেয়ে নেন। কী তরকারি রান্না করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আজকে বাজারে গিয়ে কয়েকটা বেগুন কুড়িয়ে এনেছি। তাতে ঝাল-লবণ দিয়ে রান্না করছি। আমার একটি পা অচল। তাই ভালোভাবে হাঁটাচলা করতে পারি না। বাইরে ঘুরতেও কষ্ট হয়। বৃষ্টির পানির কাদায় পা পিছলে পড়ে গিয়ে সেই পা’টাতে আঘাত লেগেছে। ঠ্যাং চলে না, পেট তো মানে না।’
আবদুল দুলাল বলেন, তাঁরা নয় ভাইবোন। তিনি ভাইবোনদের মধ্যে দ্বিতীয়। পৈতৃক সম্পত্তি বলতে গ্রামে মাত্র দেড় শতক বসতবাড়ির জায়গা আছে। সেখানে সৎভাইয়েরা বসবাস করেন। তিনি বিবাহিত। মৌসুমী নামে তাঁর এক কন্যাসন্তান আছে। কয়েক বছর আগে মেয়ের বিয়ে হয়েছে। মেয়ে জন্ম নেওয়ার এক বছর পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর স্ত্রী তাঁকে ছেড়ে অন্যত্র বিয়ে করেন। পরিবারের কেউ তাঁর খোঁজখবর নিতেন না। সবাই তাঁকে বোঝা মনে করতেন। এ কারণে তিনি মনঃকষ্ট নিয়ে প্রায় এক যুগ আগের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। এত দিন তিনি এখানে-ওখানে আশ্রয় নিয়ে জীবন কাটাচ্ছেন। বছর কয়েক আগে পার্বতীপুরের বাড়িতে গিয়েছিলেন। তখন ভাইয়েরা তাঁর ভাগের জমি লিখে নিয়ে হাতে কিছু টাকা দিয়েছিলেন। মেয়েকে খুঁজে বের করে তাঁর হাতে টাকাগুলো দিয়ে দেন।
আবদুল দুলাল আরও বলেন, তিনি দুই বছর আগে আদমদীঘি থেকে একদিন আক্কেলপুর উপজেলা সদরে আসেন। দিনের বেলায় খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার বারান্দায় এসে বিশ্রাম নিয়েছিলেন। তখন মনের অজান্তে মাদ্রাসার বারান্দাটি তাঁর আপন হয়ে যায়। এরপর থেকে মাদ্রাসার বারান্দায় ঘর-সংসার পেতেছেন। মহল্লার লোকজনও খুব ভালো। তাঁরা তাঁর খোঁজখবর নেন। অনেকেই খাবার ও টাকাপয়সা দেন।