মাদ্রাসার ভবন, বস্তিঘরসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামচন্দ্রপুর খাল অবৈধ দখলমুক্ত করতে ঢাকা ওয়াসার অভিযানের দ্বিতীয় দিনে গতকাল রোববার একটি মাদ্রাসার দোতলা ভবনসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে ‘মুক্তিযোদ্ধা বস্তি’ হিসেবে পরিচিত একটি বস্তির প্রায় ৭০টি ঘরও রয়েছে।মোহাম্মদপুর শিয়া মসজিদ ও আশপাশের এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে বিকেল প্রায় পাঁচটা পর্যন্ত এ অভিযান চলে। প্রায় তিন প্লাটুন পুলিশ সদস্যের উপস্থিতিতে অভিযানে ওয়াসা নিয়োজিত শ্রমিকেরা অংশ নেন। উচ্ছেদকাজে বুলডোজারও ব্যবহার করা হয়।অভিযানে ‘মোহাম্মদী আশরাফী’ নামের মাদ্রাসার দোতলা ভবন উচ্ছেদ করা হয়। ওয়াসার কর্মকর্তারা জানান, খালের ওপর গড়ে ওঠা ওই ভবনের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে আগেই কয়েক দফা নোটিশ দেওয়া হয়। গতকাল উচ্ছেদের আগে মাদ্রাসার কয়েকজন শিক্ষক আপত্তি করে জানান, সম্প্রতি তাঁদের কোনো নোটিশ করা হয়নি। পরে মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি বুঝিয়ে ভবন উচ্ছেদ করা হয়।ওই ভবনের কাছে ১২টির মতো দোকানসহ খালপাড়ের ২৫টি দোকানও ভেঙে দেওয়া হয়। কয়েকজন দোকানি প্রথম আলোকে জানান, এলাকার জনৈক আবদুল হাইয়ের কাছ থেকে তাঁরা দোকান ভাড়া নিয়েছিলেন। অভিযানকালে ওই ব্যক্তিকে এলাকায় দেখা যায়নি। সময়মতো সরানো সম্ভব না হওয়ায় তাঁদের কিছু মালামাল খোয়া যায়।খালের বড় অংশজুড়ে থাকা ‘মুক্তিযোদ্ধা বস্তি’তে ওয়াসার লোকজন উচ্ছেদের জন্য গেলে কয়েকজন মুক্তিযোদ্ধা তাঁদের অসহায়ত্ব তুলে ধরেন। সময় দেওয়া হলে তাঁরা মালামাল, ঘরের চালা, বেড়া সরিয়ে নেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মুক্তিযোদ্ধা প্রথম আলোকে জানান, তাঁদের পুনর্বাসিত করা হয়নি। সে জন্য যখন যেখানে সুযোগ পান, পরিবার-পরিজন নিয়ে সেখানে বসবাস করেন।খালের ওপর তৈরি করা স্বল্প আয়ের মানুষের কিছু বস্তিঘরও উচ্ছেদ করা হয়। এসব ঘরে যাওয়ার জন্য তৈরি করা কয়েকটি বাঁশের সাঁকোও ভেঙে দেওয়া হয়। অভিযানকারী দলের একজন সদস্য জানান, বস্তি ভাঙার আগে একাধিকবার সাঁকোগুলো ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো আবার গড়ে ওঠে।গত শনিবার প্রথম দিনের অভিযানে যে দুটি দোতলা বাড়ির অবৈধ অংশের আংশিক ভাঙা হয়েছিল, গতকাল বাকি অংশ ভাঙা হয়।গতকালের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসিউদ্দিন, ম্যাজিস্ট্রেট মো. নাসিরউদ্দিন, নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। নাসিরউদ্দিন প্রথম আলোকে জানান, গতকাল খালের প্রায় এক কিলোমিটার এলাকায় অভিযান চলে। এ নিয়ে দুই দিনে খালের প্রায় তিন কিলোমিটার এলাকায় দেড় শতাধিক পাকা, আধাপাকা, টিনশেড ও বস্তিঘর ভাঙা হয়। মোট সাড়ে ৩০০ স্থাপনার বাকিগুলো আজ সোমবার উচ্ছেদ করা হবে।