মাদ্রাসার ভবন থেকে ছাত্রীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার মাদ্রাসা ভবনের ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
ওই ছাত্রীর নাম জান্নাতী বেগম ওরফে জরিনা (১২)। সে মদনপুরের ফুলহর এলাকায় অবস্থিত হজরত সুমাইয়া (রাহ.) মাদ্রাসার ছাত্রী ছিল। সে একই এলাকার মৃত ইব্রাহিমের মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি আত্মহত্যা না হত্যা—সে ব্যাপারে পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, মাদ্রাসা থেকে পালাতে গিয়ে জরিনা ভবন থেকে পড়ে গিয়ে মারা গেছে।
মাদ্রাসার শিক্ষার্থী সূত্রে জানা গেছে, শনিবার ফজরের নামাজের পর মাদ্রাসা ভবনের পাঁচতলা থেকে বেশ কয়েকটি ওড়না নিচের দিকে ঝুলতে দেখে ছাত্রীরা। ওই সময় তারা নিচতলায় জরিনার লাশ পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।