মাদ্রাসার মাঠে ধান চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা সৈয়দ মর্তুজা দাখিল মাদ্রাসার সামনের খেলার মাঠে ধান চাষ করা হয়েছে। এ কারণে শিক্ষার্থীরা এখানে খেলাধুলা ও পাঠদানের আগে শারীরিক কসরত করতে পারছে না। এ ছাড়া শ্রেণীকক্ষ-সংকটে এখানে পাঠদান ব্যাহত হচ্ছে।মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। এখানে শিক্ষক আছেন ১৫ জন। শিক্ষার্থীর সংখ্যা ৩৫০ জন। টিনের দুটি ঘরে তাদের পাঠদান করা হয়। এ দুটি ঘরে শ্রেণীকক্ষ আছে আটটি। এর মধ্যে পাঁচটি কক্ষে কোনো দরজা-জানালা নেই।সরেজমিনে দেখা গেছে, টিনের ছাউনি দেওয়া দুটি লম্বা ঘরে এ মাদ্রাসার কার্যক্রম চালানো হচ্ছে। এর অধিকাংশ শ্রেণীকক্ষই পাঠদানের অনুপযোগী। মাদ্রাসার সামনের খেলার মাঠে ধান চাষ করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানায়, মাঠে চাষাবাদ করায় তারা খেলাধুলা করতে পারে না। এ কারণে কখনো শারীরিক কসরত করানো হয় না।সপ্তম শ্রেণীর ইমরান হোসেন, নবম শ্রেণীর ছাত্র আরাফাত রহমান ও দশম শ্রেণীর ছাত্রী মুক্তা বেগম জানায়, শ্রেণীকক্ষের সংকট দূর করতে এখানে দ্রুত বহুতল ভবন নির্মাণ করা উচিত। এ ছাড়া খেলার মাঠে ধান চাষ বন্ধ করার জন্য কর্তৃপক্ষের উদ্যোগ নিতে হবে।মাদ্রাসার সুপার সৈয়দ আবদুর রাজ্জাক মিয়া জানান, শিক্ষার্থীদের সংখ্যা অনুপাতে এখানে প্রয়োজনীয় সংখ্যক শ্রেণীকক্ষ নেই। শ্রেণীকক্ষের অভাবে বর্ষা মৌসুমে দরজা-জানালাবিহীন কক্ষে পাঠদান করাতে খুব সমস্যা হয়। পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী খেলার মাঠে ধান চাষ করা হয়েছে। এখানে আরও তিনটি শ্রেণীকক্ষ প্রয়োজন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ জানান, এ মাদ্রাসাটির সমস্যার বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। খেলার মাঠে ধান চাষ করার কোনো সুযোগ নেই। এ ব্যাপারেও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।