মাদ্রাসার মাঠে পাথর-বিটুমিন মিশ্রণ, পাঠদান ব্যাহত

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) সড়ক সংস্কারের জন্য গত বৃহস্পতিবার থেকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসার মাঠে পাথর ও বিটুমিনের মিশ্রণ করা হচ্ছে। এতে বিষাক্ত কালো ধোঁয়া ও যন্ত্রের তীব্র শব্দে পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসার কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থীরা।
মাদ্রাসায় গত শনিবার সকালে গিয়ে দেখা যায়, মাদ্রাসার শ্রেণিকক্ষের সামনে অর্ধেক মাঠজুড়ে রাখা হয়েছে বিটুমিনের ড্রাম। একটি বড় যন্ত্রে পাথরে মেশানো হচ্ছে বিটুমিন। এতে সৃষ্টি হচ্ছে তীব্র শব্দ ও ধোঁয়া। রাবারের পুরোনো জুতা পুড়িয়ে বিটুমিন গলানোয় উৎকট গন্ধ ও বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মাদ্রাসা। কিছুক্ষণ পর পর উচ্চশব্দের পাওয়ারটিলারে করে নির্মাণসামগ্রী আনা-নেওয়া করছেন শ্রমিকেরা।
মাদ্রাসায় ঢুকতেই সাইদুর রহমান নামের এক ব্যক্তি নিজেকে ওয়ার্ক অ্যাসিসটেন্ট পরিচয় দিয়ে এগিয়ে এসে প্রথম আলোর প্রতিনিধির পরিচয় জানতে চান। এ সময় সাইদুরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এক সপ্তাহ আগে সেখানে কাজ শুরু হয়েছে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তাঁদের কাজের কারণে মাদ্রসার শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা হওয়ার কথা স্বীকার করেন তিনি। তবে তিনি বলেন, মাদ্রাসায় কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসায় ইবতেদায়িসহ শিক্ষার্থী ৩০০ জন। শিক্ষক ১৫ জন। কিন্তু গত শনিবার গিয়ে ৩০-৩৫ জন শিক্ষার্থীকে মাদ্রাসায় উপস্থিত থাকতে দেখা যায়।
ষষ্ঠ শ্রেণির মিথিলা, আরিফা, নবম শ্রেণির আল আমিনসহ কয়েকজন শিক্ষার্থী বলে, তাদের মাদ্রাসার মাঠে পাথর মোশানোর যন্ত্রের শব্দে ও বিটুমিন পোড়ানোর ধোঁয়া আর উৎকট গন্ধে তারা ক্লাসে বসে থাকতে পারে না। অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, মাদ্রাসায় আসা বন্ধ করে দিয়েছে। কাজ বন্ধ করার জন্য তারা মাদ্রাসার সুপারকে বললেও তা বন্ধ হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করে বলেন, এখানে কাজ করতে না দেওয়ার জন্য তাঁরা সুপারকে বারবার নিষেধ করেছেন। কিন্তু সুপার তা শোনেননি। উল্টো সুপার তাঁদের সঙ্গে ঝগড়া করেছেন, ক্ষিপ্ত হয়েছেন।
এ ব্যাপারে মাদ্রাসার সুপার গোলাম রহমান প্রথম আলোকে বলেন, সড়ক সংস্কারের জন্য মালামাল মাদ্রাসর মাঠে ৮-১০ দিন আগে জড়ো করা হয়। কিন্তু গত বৃহস্পতিবার থেকে পাথরের সঙ্গে বিটুমিন মেশানো হচ্ছে। কাজটি করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল রমজান মাসের ছুটিতে। তখন ঠিকাদার কাজটি করেননি। এখন তাঁদের রাবারের জুতা ও টায়ার পোড়াতে নিষেধ করা হয়েছে, কিন্তু ঠিকাদার শুনছেন না। তবে ঠিকাদারের কাছ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষের কিছু পাওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম দাবি করেন, ওই মাদ্রাসার মাঠে পরিবেশবান্ধব পদ্ধতিতে নির্মাণসামগ্রী তৈরি হচ্ছে। এতে মাদ্রাসায় পাঠদানের কোনো সমস্যা হচ্ছে না। দু-এক দিনের মধ্যেই ওই কাজ শেষ হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোখছানা বেগম গত শনিবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ধরনের কাজ ঠিক না। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ বা শিক্ষক-অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ দিলে তিনি ব্যবস্থা নেবেন।