মাদ্রাসার মাঠে হাট পাঠদান ব্যাহত
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে সপ্তাহে দুই দিন হাট বসে। এ দুই দিন বাজার লাগোয়া আলিম মাদ্রাসার মাঠেও বসে সুপারির হাট। চলে হাটুরেদের হইহুল্লোড়।
এ ছাড়া মাঠের যেখানে-সেখানে ভটভটি রাখা হয়। এতে এ দুই দিন পাঠদান ব্যাহত হয়। হাট ভেঙে ছাত্রীদের ফিরতে হয় বাড়ি। পোহাতে হয় নানা ভোগান্তি।
মাদ্রাসাশিক্ষক ও কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয় ১৯৫৫ সালে। বর্তমানে শিক্ষক রয়েছেন ২২ জন। শিক্ষার্থীর সংখ্যা ৩৭৫। এর মধ্যে ২০০ জন ছাত্রী। ষষ্ঠ শ্রেণি থেকে আলিম পর্যন্ত (দ্বাদশ শ্রেণি) পড়ানো হয়। ক্লাস শুরু হয় সকাল নয়টায়, চলে বিকেল চারটা পর্যন্ত।
সোমবার ও বৃহস্পতিবার হাটবার। তখন মাদ্রাসার মাঠ এবং এর আশপাশজুড়ে সুপারিসহ নানা পণ্যের পসরা সাজানো হয়। মানুষে মানুষে গিজগিজ করতে থাকে।
৭ মার্চ দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা গেছে, নাজিরপুর বাজারের পূর্ব পাশের এ মাদ্রাসার মাঠে সুপারি কেনাবেচা চলছে। এ ছাড়া সেখানে পাঁচ-ছয়টি ভটভটি রাখা হয়েছে।
মাদ্রাসার দক্ষিণ পাশ লাগোয়া নন্দকুঁজা নদীর তীরে বসেছে হাঁস-মুরগির হাট। মাদ্রাসাটির পশ্চিমে বসে বেশ কয়েকটি চায়ের দোকান। এ ছাড়া মাদ্রাসার সামনে মাঠের পশ্চিম সীমানা লাগোয়া সড়ক। হাটুরেদের ভিড় লেগেই আছে। সেখানে প্রায় সব ধরনের পণ্য বিকিকিনি হয়।
মাদ্রাসার অন্তত ১৫ ছাত্রী প্রথম আলোকে বলে, মাদ্রাসার সীমানাপ্রাচীর নেই। এর ওপর মাঠে হাট বসার কারণে একটি শ্রেণিকক্ষ থেকে অন্যটিতে যাওয়ায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ সময় অনেক হাটুরে হাঁ করে চেয়ে থাকে। কেউ কেউ নানা রকম অঙ্গভঙ্গিও করে। এতে তাদের খারাপ লাগে। আধাপাকা মাদ্রাসার ভবনের ভেতরে পাঠদান চলাকালেও পড়ায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। ছুটির পর এত মানুষের ভিড় ঠেলে বাড়ি ফিরতে হয়।
জানতে চাইলে মাদ্রাসার সুপার মো. আবদুল হক প্রথম আলোকে বলেন, আর্থিক সংকটের কারণে সীমানাপ্রাচীর করা যায়নি। এর আগে মাঠে কলার হাট বসত। বাজার কমিটিকে বলে তা বন্ধ করা হয়েছে। কিন্তু এখন বসছে সুপারির হাট। মাঠে ভটভটি রাখা হয়। এ ছাড়া মাদ্রাসার লাগোয়া হাঁস-মুরগির হাট সরিয়ে নিতে দাবি জানানো হলেও কাজ হয়নি। অনেক বিড়ম্বনা সয়ে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে। সপ্তাহের দুই হাটবারে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়।
হাটের ইজারাদার মো. নজরুল ইসলাম বলেন, এটি অনেক পুরোনো হাট। মানুষ বেড়েছে। কিন্তু হাটের জায়গা তো বাড়েনি, বরং কমেছে। তাই সড়কজুড়ে হাট বসছে। মাদ্রাসার মাঠ থেকে কলার হাট সরানো হয়েছে। এরপরও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে মাদ্রাসাটির সীমানাপ্রাচীর নির্মাণ এবং মাঠ থেকে টেম্পো ও হাট অপসারণের উদ্যোগ নেবেন।