মাদ্রাসার শৌচাগারে ছাত্রের লাশ
দক্ষিণ কেরানীগঞ্জের জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল আকরাম মাদ্রাসার একটি শৌচাগার থেকে গতকাল বৃহস্পতিবার মো. হীরা (১১) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার তত্ত্বাবধায়ক মাওলানা আবুল কালাম আজাদকে আটক করেছে পুলিশ।
স্বজনদের অভিযোগ, হীরাকে হত্যার পর লাশ শৌচাগারে ফেলে রাখা হয়।
হীরার মামা সোহরাব মিয়া জানান, ১৭-১৮ দিন আগে হীরাকে ওই মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে ভর্তি করা হয়। তার বাবা মো. বোরহান ও মা পেয়ারা বেগম দুজনই বাহরাইনে থাকেন।
সোহরাব মিয়া বলেন, গতকাল সকালে আবুল কালাম আজাদের স্ত্রী সাবিনা আক্তার হীরার নানিকে মুঠোফোনে জানান, তাঁর নাতি ১৫-২০ মিনিট ধরে শৌচাগারের দরজা খুলছে না। পরে হীরার খালা মাহিনুর বেগম ও নানি কুলসুম বিবি মাদ্রাসায় গিয়ে শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে হীরাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।