মাদ্রাসার সুপার-সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নারায়ণপুর ইসলামিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার ও পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে মাদ্রাসার টাকা আত্মসাৎ, টাকার বিনিময়ে গোপনে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। এসবের প্রতিবাদে এলাকাবাসী গত শনিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত মাদ্রাসা তালাবদ্ধ করে রাখেন। ১৭ আগস্ট মাদ্রাসার কয়েকজন শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গত সোমবার দুপুরে সরেজমিন দেখা যায়, এলাকার কয়েক শ লোক মাদ্রাসার সামনে বসে আছেন। ইউপি সদস্য সোহেল রানা, গ্রামবাসী নুরুজ্জামান, মিজানুর রহমান, আবেদ আলী, তোফাজ্জল হোসেনসহ অনেকই অভিযোগ করেন, সুপার ও সভাপতি যোগসাজশে গোপনে গত ছয় মাসে তিনজন শিক্ষক নিয়োগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। মাদ্রাসার সম্পত্তি থেকে প্রাপ্ত আয় মাদ্রাসার তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করছেন। তহবিলের টাকা ইচ্ছেমতো খরচ করছেন। মাদ্রাসা পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি আলতাফ হোসেন ও মরিয়ম বেগম জানান, তাঁরা শিক্ষক প্রতিনিধি হয়েও নিয়োগ সম্পর্কে কিছুই জানেন না। মাদ্রাসার শিক্ষক আবদুর রউফ মিয়া জানান, সুপার টাকার বিনিময়ে গোপনে শিক্ষক নিয়োগ দিয়েছেন। মাদ্রাসার শিক্ষক রেজাউল ইসলাম, আলতাফ হোসেন, মোর্শেদুল ইসলাম ও মাহফুজুর রহমান অভিযোগ করেন, মাদ্রাসায় তালা দিয়েছেন এলাকাবাসী। অথচ সুপার ইউএনওর কাছে ইউপি সদস্য, পাঁচজন গ্রামবাসীসহ তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে মাদ্রাসার সুপার ওবায়দুল ইসলাম উপস্থিত গ্রামবাসীর সামনে জানান, তিনি গোপনে কোনো শিক্ষক নিয়োগ দেননি। যে তিনজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের একজনের কাছ থেকে চার লাখ টাকা, আরেকজনের কাছ থেকে তিন লাখ ১০ হাজার টাকা এবং বাকি একজনের কাছ থেকে চার লাখ টাকা মাদ্রাসার অনুকূলে অনুদান বাবদ নেওয়া হয়েছে। ওই অর্থ থেকে মাদ্রাসার কক্ষ নির্মাণ করা হয়েছে এবং অবসর গ্রহণকারী একজন শিক্ষককে এক লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। বর্তমানে চার লাখ টাকা মাদ্রাসার তহবিলে রয়েছে। শিক্ষকসহ গ্রামবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে সুপার বলেন, তাঁর বিরুদ্ধে শিক্ষকসহ এলাকাবাসী অভিযোগ করায় তিনি সভাপতির পরামর্শে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। আর অর্থ আত্মসাতের অভিযোগ ঠিক নয়। মাদ্রাসার সভাপতি মোজাহারুল ইসলাম তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, মাদ্রাসার সব কাজই নিয়ম অনুযায়ী করা হয়েছে। ইউএনও আহসান হাবিব বলেন, তিনি দুই পক্ষের অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।