মাদ্রাসার সুপারের ওপর আ.লীগ নেতার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় গত সোমবার আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে একটি মাদ্রাসার সুপারকে মারধরের অভিযোগ
পাওয়া গেছে৷ এ ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার ক্লাস বর্জন ও প্রতিবাদ মিছিল করেছে৷ তারা হামলাকারী আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোয়ালকান্দি দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে স্থানীয় লোকজন গোপনে কমিটি গঠনের অভিযোগ এনে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন৷ অভিযোগের শুনানির জন্য গত সোমবার বিকেলে উভয় পক্ষকে উপজেলা চেয়ারম্যান নিজ দপ্তরে ডেকে পাঠান৷ চেয়ারম্যান এলাকার বাইরে থাকায় বিষয়টি সুরাহার জন্য ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কলেজশিক্ষক আবদুল জব্বারসহ অন্যদের দায়িত্ব দেন। বিকেলে উভয় পক্ষ চেয়ারম্যানের দপ্তরে এলে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুনািনর একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও তাঁর লোকজন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আকবর আলীকে মারধর শুরু করেন৷ এ সময় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহীর একটি ক্লিনিকে নিয়ে যান৷ সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়৷
এ ঘটনা শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে তারা গতকাল সকালে ক্লাস বর্জন করে৷ পরে তারা গোয়ালকান্দি বাজারে প্রতিবাদ মিছিল করে হামলাকারী আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার জানান, আলমগীর হঠাৎ উত্তেজিত হয়ে চেয়ারম্যানের ঘরের বাইরে মাদ্রাসাপ্রধানের ওপর চড়াও হন৷
আলমগীর হোসেন হামলার কথা স্বীকার করে জানান, ‘সুপার যে কাজ ও আচরণ করেছেন, তাতে না মেরে থাকা যায় না৷’ তিনিসহ
স্থানীয় লোকজন অভিযোগ করেন, মাদ্রাসাপ্রধান তাঁর অনুগত ব্যক্তিদের নিয়ে গোপনে কমিটি গঠন করেছেন।
তবে আকবর আলী মণ্ডল জানান, তিনি বিধি মোতাবেক কমিটি গঠন করেছেন এবং তা মাদ্রাসা বোর্ড অনুমোদনও দিয়েছে। হামলাকারীরা নিয়োগ-বাণিজ্যে ব্যর্থ হয়ে তাঁর ওপর হামলা করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।