মাদ্রাসার সুপারের পিটুনিতে আহত ছাত্র হাসপাতালে
রাজবাড়ীর সীমান্তবর্তী কুষ্টিয়ার খোকসা উপজেলার জান্নাতুল উলুম আবাসিক হাফিজিয়া মাদ্রাসার সুপারের মারধরে আহত এক ছাত্রকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রের নাম রাকিবুল ইসলাম। সে রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ ভবানীপুরের আবদুল মতিনের ছেলে।চিকিৎসাধীন রাকিবুল ইসলামের ভাষ্য, প্রায় তিন বছর আগে সে ওই মাদ্রাসায় ভর্তি হয়। ১৫ মার্চ সে পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়ি আসে। কিন্তু বাড়ি আসার পর চার দিন বেশি ছুটি কাটিয়ে গত শনিবার সে মাদ্রাসায় যায়। এতে খেপে গিয়ে মাদ্রাসার সুপার রবিউল ইসলাম রাত ১০টার দিকে রাকিবুলকে বাঁশের কঞ্চি দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে সে মাটিতে পড়ে গেলে তাকে তুলে পাগড়ি দিয়ে কোমর ও দুই হাত উঁচু করে বেঁধে রাত একটা পর্যন্ত আবারও পেটানো হয়। এ ঘটনার পরদিন সে কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি চলে আসে।আবদুল মতিন বলেন, ‘ছেলে ছুটির চেয়ে অতিরিক্ত সময় বাড়ি থেকেছে—বিষয়টি মুঠোফোনে সুপারকে জানিয়েছি। তার পরও অমানবিকভাবে তাকে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’রবিউল ইসলাম বলেন, রাকিবুল খুবই দুষ্ট প্রকৃতির হওয়ায় তার ছোট চাচা তাকে মারধর করে শাসন করার কথা বলে গেছেন। ওকে সঠিক পথে আনার জন্য মারধর করা হয়েছে। তবে রবিউল ইসলাম স্বীকার করেন, তাকে একটু বেশি মারধর করা হয়ে গেছে।