মাদ্রাসার সুপারের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দারুস সুন্নত দাখিল মাদ্রাসার সুপার ফজলুল হকের বিরুদ্ধে ৩০ বছরের পুরোনো একটি কড়ই গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।জানা যায়, ১২ ডিসেম্বর মাদ্রাসার সামনে রাস্তার পাশে জেলা পরিষদের রোপণ করা দুটি কড়ই গাছ দেখভালের দায়িত্ব পান ওই মাদ্রাসার সুপার ফজলুল হক। জেলা পরিষদের সার্ভেয়ার এনামুল হক স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, গাছ দুটি মৃত ও জ্বালানির যোগ্য। গত শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসার সুপার গাছ দুটি কেটে ফেলেন। প্রকৃতপক্ষে এর একটি ছিল মরা, আরেকটি জীবিত। এনামুল হক বলেন, ‘আমি মাদ্রাসার সুপারের কথায় বিশ্বাস করে গাছ না দেখেই মৃত হিসেবে তাঁর জিম্মায় দেওয়ার জন্য জেলা পরিষদ প্রশাসকের কাছে সুপারিশ করি। গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি।’ফজলুল হক জানান, জেলা পরিষদ গাছ দুটি মাদ্রাসাকে দিয়েছে। সে জন্যই কাটা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার বলেন, ‘এলাকাবাসীর মাধ্যমে একটি তাজা গাছ কেটে নেওয়ার অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখার জন্য ইউপি চেয়ারম্যানকে বলেছি।’