ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাপুর ফাজিল মাদ্রাসার নয়জন শিক্ষক-কর্মচারীর নিয়োগ বিধিসম্মত হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁদের নেওয়া বেতন-ভাতার সরকারি অংশের (এমপিও) অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এ ছাড়া দপ্তরটি এমপিও স্থগিত করেএমপিওর তালিকা থেকে ওই নয়জনের নাম কেন স্থায়ীভাবে কর্তন করা হবে না, তা ১৫ কর্মদিবসের মধ্যে জানাতে নোটিশ পাঠিয়েছে। পাশাপাশি একই মাদ্রাসার আরও দুজন সহকারী শিক্ষকের নাম এমপিওর তালিকা থেকে কর্তন করার জন্য মাউশির ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসার সভাপতিকে চিঠি দেওয়া হয়েছে।
এদিকে শিক্ষক-কর্মচারীরা গতকাল বুধবার নান্দাইলের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে দুটি পৃথক মামলা করেছেন। মামলা দুটিতে মাউশির মহাপরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। তবে গতকাল বিকেল পর্যন্ত আদালত থেকে কোনো আদেশ দেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্নাতক সমমানের রাজাপুর ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদ গঠনপ্রক্রিয়া নিয়ে ২০০৪ সালের পর থেকে মামলা-মোকদ্দমা। ২০১৫ সালে মামলার পক্ষ-বিপক্ষ এক হয়ে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খানকে সভাপতি করে পরিচালনা পর্ষদ গঠন করে। সেই পর্ষদ এখনো কার্যকর।
১০ জানুয়ারি মাউশির সহকারী পরিচালক (বিশেষ) মোহছেনা বেগমের সই করা চিঠিতে বলা হয়েছে, নয়জন শিক্ষক-কর্মচারী নিয়োগ করার সময় উল্লিখিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের নিয়মিত কমিটি ছিল না। ফলে শিক্ষক-কর্মচারীদের নিয়োগকালীন স্বীকৃতি বৈধ নয়। তাই নিয়োগ বিধিসম্মত না হওয়ায় বেতন হিসেবে গ্রহণ করা অর্থের সরকারি অংশ ফেরত দিতে বলা হয়েছে। নির্দেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, উপাধ্যক্ষ আতাউল্লাহ ফকির, শিক্ষক হাদিউর রহমান, আমিনুল হক, শরীফুল ইসলাম, ফরিদা ইয়াসমীন, জ্যেষ্ঠ মৌলভি আবদুল আহাদ, অফিস সহকারী ফারুক মিয়া ও অফিস সহায়ক (এমএলএসএস) হামিজ উদ্দিন। এ ছাড়া পৃথক চিঠিতে একই মাদ্রাসার সহকারী শিক্ষক খোরশেদ আলম ও নাসরিন সুলতানার নাম এমপিওর তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, ‘শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন চাকরি করার পর এ ধরনের চিঠি পেয়ে হতবাক হয়েছেন। এ
ঘটনার প্রতিকার চেয়ে আমরা দেওয়ানি আদালতে দুটি মামলা করেছি। বিষয়টি এখন আদালতের হাতে।’
মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ আনোয়ারুল আবেদিন খান বলেন, মাউশির চিঠি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে এক যুগের বেশি সময় চাকরি করার পর নয়জন শিক্ষক-কর্মচারীকে পত্র পাঠিয়ে বিদায় করে দেওয়া অনেকটা অমানবিক। বিষয়টি নিয়ে তিনি মাউশির মহাপরিচালকের সঙ্গে কথা বলবেন।