মাদ্রাসার ৯০ ছাত্রীকে বেধড়ক পেটালেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড়ে অনুমোদনহীন খাতুনে জান্নাত (রা.) বালিকা মাদ্রাসায় গত মঙ্গলবার সন্ধ্যায় ৯০ জন ছাত্রীকে এক শিক্ষক নির্বিচারে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই দিন এক ছাত্রী আবাসিক ওই মাদ্রাসা থেকে বের হয়ে তার অভিভাবককে জানালে ঘটনাটি প্রকাশ পায়।
শিক্ষার্থীরা জানায়, ওই দিন সন্ধ্যায় লোডশেডিং চলছিল। গরমে অতিষ্ঠ হয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রীরা দল বেঁধে মাদ্রাসা ভবনের ছাদে যায়। এ সময় লিজা নামের এক শিক্ষক ছাদে উঠে বাঁশের কঞ্চি ও কাঠ দিয়ে ছাত্রীদের নির্বিচারে পেটান। এতে ছাত্রীদের অনেকেই রক্তাক্ত জখম হয়। এরপর এক ছাত্রী কৌশলে ওই মাদ্রাসা থেকে বের হয়ে তার অভিভাবককে জানালে ঘটনাটি প্রকাশ পায়।
ঘটনার সত্যতা স্বীকার করে মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুস সালাম বলেন, ওই ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক প্রতিষ্ঠানে আসা বন্ধ করে দিয়েছেন। অভিভাবকদের দাবির মুখে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মঙ্গলবার রাতে একটি বৈঠক করেন। কিন্তু বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। মাদ্রাসাটির অনুমোদন না থাকার ব্যাপারে তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের অনুমোদনের দরকার নেই।