মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার, রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে পুলিশের এক কনস্টেবলকে জখম করে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে সদর উপজেলার হানাইল মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক আবদুল হামিদকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, হামিদকে গতকাল জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নুরুজ্জামান সরকারের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ। রিমান্ড শুনানির জন্য আদালত আগামী রোববার দিন ধার্য করে হামিদকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।গত সোমবার জয়পুরহাটে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ইসলামী ছাত্রশিবির। হরতাল চলাকালে ক্ষেতলাল থানার কনস্টেবল গোলাম মোস্তফাকে জখম করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেন সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় সদর থানার পুলিশ জামায়াত-শিবিরের অজ্ঞাতনামা ১০-১২ জন কর্মীর বিরুদ্ধে মামলা করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, গ্রেপ্তারের সময় মাদ্রাসাশিক্ষক আবদুল হামিদের বাসা থেকে ছাত্রশিবিরের বিভিন্ন বইপত্র, সাংগঠনিক কাগজপত্র ও ডায়েরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।