মাদ্রাসাশিক্ষককে মারধর এবং প্রতারণার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় মাদ্রাসার এক শিক্ষককে মারপিট করে এবং সামাজিকভাবে মানহানির হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন উপজেলার চানপাড়া গ্রামের বাসিন্দা আবদুল হান্নান (৪২)। তিনি ভবানীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী মাদ্রাসাশিক্ষকের নাম আয়ূব আলী। তিনি উপজেলার যাত্রাগাছি ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ।
বাগমারা থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত বুধবার রাতে মাদ্রাসার শিক্ষক আয়ূব আলীর চানপাড়া গ্রামের বাড়িতে তাঁর এক পুরুষ আত্মীয় বেড়াতে আসেন। এর পরপরই একই গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগের নেতা আবদুল হান্নানের নেতৃত্বে দলটির স্থানীয় সাত-আটজন কর্মী বাড়িটি ঘিরে ফেলেন।
ঘেরাওকারীরা বাড়িতে ঢুকে ওই মাদ্রাসাশিক্ষকের স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ তোলেন। এ সময় বাগ্বিতণ্ডার জের ধরে ওই মাদ্রাসাশিক্ষক ও তাঁর বাড়িতে আসা আত্মীয়কে মারধর করে ৩ লাখ টাকা দাবি করেন আওয়ামী লীগের নেতারা। পরে ৬০ হাজার টাকা দিলে বিষয়টির রফা হয়। এ ছাড়া বিষয়টি জানাজানি হলে ঘটনা বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে শিক্ষক জানিয়েছেন।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিক্ষক বাদী হয়ে আওয়ামী লীগের নেতা আবদুল হান্নানসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। রাতেই পুলিশ আবদুল হান্নানকে গ্রেপ্তার করে।
আয়ূব আলী অভিযোগ করেন, তিনি মূলত নাটোরের মানুষ। বৈবাহিক সূত্রে ও পেশাগত কারণে এখানে বাড়ি করে তিন বছর ধরে বসবাস করছেন। এদিকে তাঁর মামলার আসামিরা স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র। সমাজের প্রতিষ্ঠিত ও সম্মানিত ব্যক্তিদের বেকায়দায় ফেলে এভাবে চক্রটি টাকা আদায় করে।
এ বিষয়ে আওয়ামী লীগের অভিযুক্ত নেতা আবদুল হান্নান গ্রেপ্তারের আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে অভিযোগ সম্পর্কে বলেছিলেন, ওই মাদ্রাসাশিক্ষক ও তাঁর পরিবারকে সামাজিকভাবে শাসন করা হয়েছে মাত্র। এর বেশি কিছু নয়।
থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ওই শিক্ষককে নির্যাতন ও তাঁর বাড়িতে লুটপাটের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরার চেষ্টা চলছে। গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আবদুল হান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।