মাদ্রাসাশিক্ষকের নিষ্ঠুরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলার মধ্য রায়পুর দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় পড়া না পারায় সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে বেত দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছেন শিক্ষক। এ জন্য রুপা আক্তার নামের ওই শিক্ষার্থীর হাতে অস্ত্রোপচার করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য শহরের একটি বেসরকারি হাসপাতালে পাঁচ দিন ভর্তি করে রাখা হয়।গতকাল সোমবার ওই ছাত্রী ক্লিনিক থেকে বাড়ি চলে যায়। ওই মাদ্রাসার সহকারী শিক্ষক ছেফাতুল্লাহ গত বৃহস্পতিবার ছাত্রীকে পেটালেও একটি মহল বিষয়টি ধামাচাপা দিয়ে রাখে। তারা ছাত্রীর পরিবারকে প্রভাবিত করে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছে।জানতে চাইলে ওই মাদ্রাসার সুপার মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষক অন্যায় করে ফেলছেন। ছাত্রীকে মাতৃছায়া হাসপাতালে ভর্তি করে মাদ্রাসার পক্ষ থেকে তার চিকিৎসার সব খরচ দেওয়া হচ্ছে। ওই শিক্ষককে আপাতত মাদ্রাসায় আসতে নিষেধ করা হয়েছে। বার্ষিক পরীক্ষার পর তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।গত রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন রুপা আক্তার জানায়, ঘটনার দিন আরবি পড়া না পারায় তাকে ছেফাতুল্লাহ হুজুর বেত দিয়ে বেদম পেটাতে থাকেন। এতে তার হাতের আঙুল ও তালু ফেটে রক্তাক্ত হয়।মাতৃছায়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তরুণ কান্তি পাল বলেন, রুপা আক্তারের বাঁ হাতের ঘায়ে সংক্রমণ (ইনফেকশন) হয়ে গেছে। এ জন্য অস্ত্রোপচার করতে হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে।গতকাল ওই মাদ্রাসায় গেলে শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয়। এখানে ৩৯৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষাপ্রতিষ্ঠানে বেত রাখা বা বেত্রাঘাত করা অপরাধ। অথচ এ প্রতিষ্ঠানে প্রায় প্রতিদিনই শিক্ষার্থীদের বেত্রাঘাত করা হয়।চরমোহনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল ইসলাম বলেন, ‘বেত্রাঘাতের বিষয়টি আমিও জেনেছি। শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে চিকিৎসা করার জন্য বলা হয়েছে। পরে বসে বিষয়টি মীমাংসা করা হবে।’যোগাযোগ করা হলে ছেফাতুল্লাহ বলেন, ‘রাগের মাথায় বেত্রাঘাত করে ফেলেছি। এ জন্য মাদ্রাসার পক্ষ থেকে তার চিকিৎসার সব খরচ বহন করা হচ্ছে।’রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, পুলিশকে বিষয়টি কেউ অবহিত করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুলাল চন্দ্র সূত্রধর প্রথম আলোকে বলেন, ‘আইন অনুযায়ী পাঠদানের সময় শ্রেণীকক্ষে বেত ব্যবহার অন্যায়। ঘটনাটি যা শুনেছি, তা অমানবিক। খোঁজখবর নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’