কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়া আয়োজিত আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেছেন, বর্তমান সরকার শিক্ষানীতি সংস্কারের নামে এ দেশ থেকে মাদ্রাসাশিক্ষা ধ্বংসের পাঁয়তারা করছে।গতকাল মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে ‘জাতীয় শিক্ষানীতি: কওমি মাদ্রাসার অস্তিত্বের সংকট শীর্ষক’ আলোচনা সভায় বক্তারা এই অভিযোগ করেন। সভায় বেফাকুলের পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়। এসব দাবি আদায়ে ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। বেফাকুলের মহাসচিব আবদুল জব্বার, সহসভাপতি আশরাফ আলী, মাওলানা নূর হোসাইন কাসেমী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।