মাদ্রাসাশিক্ষার উন্নয়নে ৫০০ কোটি টাকার নতুন প্রকল্প হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মাদ্রাসাশিক্ষার উন্নয়নে সরকার প্রায় ৫০০ কোটি টাকার নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এক মতবিনিময় সভায় এ কথা জানান।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গতকাল ওই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় শিক্ষামন্ত্রী জানান, মাদ্রাসাশিক্ষার উন্নয়নে সরকার ‘মাদ্রাসাশিক্ষার ক্ষমতা বৃদ্ধি’ নামের একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে। দেশে শিক্ষার অন্যান্য ধারার মতো ইবতেদায়ি ও দাখিল পর্যায়েও বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত, বাংলাদেশ স্টাডিজ ও তথ্যপ্রযুক্তি বিষয় চালু হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর নূর প্রমুখ।শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ৪৮২ কোটি ৬১ লাখ টাকার নতুন এ প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার মাদ্রাসাশিক্ষকের প্রশিক্ষণ, ২৭ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান, ১২০টি দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ করা হবে।