মাদ্রাসায় ছেলেরা এগিয়ে
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) সমমানের আলিম পরীক্ষায় ছেলেরা মেয়েদের চেয়ে ভালো করেছেন। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা এগিয়ে আছেন।
তবে এবার মাদ্রাসা বোর্ডের সার্বিক ফলাফলে পাসের হার গত বছরের চেয়েও কমেছে। অবশ্য গত বছরের চেয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
গতকাল বৃহস্পতিবার আলিম পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার সারা দেশে আলিমে পাসের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ১৯ শতাংশ। এর আগের বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ০৮ শতাংশ। মাদ্রাসা বোর্ড থেকে এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪১৪ জন। গত বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৪৩৫।
এ বছর মাদ্রাসা বোর্ডের অধীনে সাধারণ, বিজ্ঞান ও মুজাব্বিদ শাখা মিলিয়ে আলিম পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৬০৩ জন। এর মধ্যে পাস করেছেন ৭৯ হাজার ২০ জন। ছেলেদের পাসের হার ৮৮ দশমিক ৫৩ শতাংশ (৪৫ হাজার ৬৮৭ জন) এবং মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৭৩ শতাংশ (৩৩ হাজার ৩৩৩ জন)। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৬৭ জন এবং মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৪৭ জন।
মাদ্রাসা বোর্ডে সাধারণ শাখায় পরীক্ষায় অংশ নেয় ৮২ হাজার ৫২৩ জন। এদের মধ্যে পাস করেছেন ৭২ হাজার ৫৬২ জন। এই শাখায় পাসের হার ৮৭ দশমিক ৯৩ শতাংশ। বিজ্ঞান শাখায় পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৯১৩ জন, পাস করেছেন ৬ হাজার ৩৩৪ জন। পাসের হার ৯১ দশমিক ৬২ শতাংশ। মোজাব্বিদ শাখায় ১৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১২৪ জন। পাসের হার ৭৪ দশমিক ২৫ শতাংশ।