মাদ্রাসায় তালা আট দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশুকে বলাৎকারের অভিযোগ ওঠার পর আট দিন ধরে একটি মাদ্রাসায় তালা দিয়ে রাখা হয়েছে। শিক্ষার্থীরা মাদ্রাসা ছেড়ে চলে গেছে। অভিযুক্ত শিক্ষকও পলাতক রয়েছেন। ঘটনাটি রাজশাহী ও নাটোরের সীমান্তবর্তী একটি গ্রামের।

স্থানীয় লোকজন জানান, রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট ও নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের লোকজন যৌথভাবে দুই থানার সীমান্তবর্তী জায়গায় একটি মসজিদ তৈরি করেছেন। এই মসজিদের ইমাম পাশের দুড়দুড়িয়া আবদুর রহমান হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। এই শিক্ষকের বিরুদ্ধে নয় বছরের একটি শিশুকে দুই মাস ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে। ৮ জুলাই বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরের দিন ৯ জুলাই থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।

শিশুটির বাবা প্রথম আলোকে বলেন, এত দিন ছেলে বিষয়টি চেপে ছিল। অধৈর্য হয়ে সে তার এক সহপাঠীর কাছে ঘটনা খুলে বলে। ওই সহপাঠী বিষয়টি বাড়িতে এসে বলে। পরে তাঁরা গিয়ে ওই শিক্ষককে আর মাদ্রাসায় পাননি। তিনি বলেন, শিক্ষকের ঠিকানা পাওয়ার পর ১৪ জুলাই তিনি লালপুর থানায় লিখিত অভিযোগ দেন।

গত শনিবার লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক ঘটনার তদন্তে ওই এলাকায় আসেন। এসআই আনোয়ারুল শনিবার প্রথম আলোকে বলেন, শিশুটিকে নিয়ে তার বাবাকে থানায় আসতে বলেছেন। শিশুটিকে জিজ্ঞাসাবাদ করার পর মামলা রেকর্ড করা হবে। মামলাটি রেকর্ড করা হয়েছে কি না, জানার জন্য গতকাল রোববার আনোয়ারুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিশুটিকে নিয়ে তার বাবা এখনো থানায় আসেননি। এলে তারপর সিদ্ধান্ত হবে। তবে ছেলেটির বাবা জানিয়েছেন, শনিবার তাঁকে ও তাঁর ছেলেকে গ্রামে এসেই পুলিশ জিজ্ঞাসাবাদ করে গেছে।

এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, এই মসজিদের সৌজন্যেই মাদ্রাসাটি চালানো হয়। যিনি মসজিদের ইমাম থাকেন, তাঁকেই মাদ্রাসাটি চালানোর দায়িত্ব দেওয়া হয়। যেদিন ঘটনা জানাজানি হয়, সেদিন তিনি বাইরে ছিলেন। পাঁচ দিন আগে তিনি এলাকায় এসে ঘটনা শোনেন। এর সত্যতা যাচাই করার জন্য তিনি ওই ইমামকে ফোন করলে ফোন বন্ধ পান। এরপর তিনি ওই ইমামের বাড়িতে যান। বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। উল্টো তাঁর মেয়ে তাঁর (তৌহিদুল) কাছে অভিযোগ করে বলেন, তাঁর বাবাকে গুম করা হয়েছে। তিনি বলেন, একজন ইমামই বাচ্চাদের কোরআন শরিফ মুখস্থ করার শিক্ষা দিতেন। তিনি চলে যাওয়ার পর থেকে মাদ্রাসা বন্ধ করে রাখা হয়েছে। ছাত্ররা চলে গেছে। নতুন কোনো শিক্ষকও নিয়োগ দেওয়া হয়নি।