মাদ্রাসায় পাঠদান বন্ধ তিন বছর শিক্ষকেরা পাচ্ছেন সরকারি ভাতা
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁঝর আলামিন এবতেদায়ি মাদ্রাসায় তিন বছর ধরে পাঠদান বন্ধ থাকলেও শিক্ষকেরা সরকারি ভাতার টাকা নিয়মিত পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘পাঠদান বন্ধ হয়ে যাওয়ায় আমি শিক্ষকদের সরকারি ভাতার টাকা বন্ধের জন্য তিন বছর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে আবেদন করেছি। এর পরও আমার অজান্তে টাকা উত্তোলন করা হচ্ছে। আমি ভাতা বন্ধ করার জন্য ১০ ফেব্রুয়ারি আবারও ইউএনওর কাছে লিখিত আবেদন করেছি।’শেরপুর বাসস্ট্যান্ড শাখার সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আমিনুর রহমান বলেন, ওই মাদ্রাসার চারজন শিক্ষককে সর্বশেষ ২৭ জানুয়ারি গত বছরের তিন মাসের (অক্টোবর-ডিসেম্বর) ভাতার টাকা দেওয়া হয়েছে। প্রত্যেককে এক হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়। শিক্ষকদের বেতন বিলে ইউএনওর স্বাক্ষর ছিল।মাদ্রাসাসংলগ্ন বাড়ির মালিক আজিজুল হক বলেন, ‘তিন বছর ধরে এই মাদ্রাসায় পড়ালেখা বন্ধ। শিক্ষকেরা মাঝেমধ্যে এলেও কিছুক্ষণ থেকে আবার চলে যান।শিক্ষক শফিকুল ইসলাম বলেন, মাদ্রাসায় উপবৃত্তির টাকা বন্ধ হয়ে যাওয়ায় কোনো ছাত্রছাত্রী আসে না। তাই পাঠদান বন্ধ রয়েছে। তবে তিনি দাবি করেন, সুপারসহ শিক্ষকেরা নিয়মিত মাদ্রাসায় আসেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা জানান, ওই মাদ্রাসার উপবৃত্তির টাকা নিয়ে অনিয়মের কারণে তিন বছর আগে উপবৃত্তি বন্ধ হয়ে যায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, চলতি বছর ওই মাদ্রাসার পক্ষ থেকে পাঠ্যবই গ্রহণের কোনো আবেদন দেওয়া হয়নি। গত বছর শিক্ষকেরা পাঠ্যবই নিলেও মাদ্রাসায় পাঠদান বন্ধ থাকায় বইগুলো ফেরত দিয়েছেন।ইউএনও মাহমুদুল আলম বলেন, ‘ওই মাদ্রাসায় পাঠদান বন্ধ রয়েছে, তা আমার জানা ছিল না। ইতিমধ্যে শিক্ষকদের সরকারি ভাতা বন্ধের একটি আবেদন পেয়েছি। আমি উত্তোলন করা টাকা ফেরতের ব্যবস্থা গ্রহণ করছি।’