মাদ্রাসায় বঙ্গবন্ধু কলেজের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ!
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একটি মাদ্রাসার হেফজ ও কুতুবখানা দখল করে সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘বঙ্গবন্ধু কলেজ’-এর সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা মাদ্রাসাছাত্রদের বইপত্র ও আসবাব তছনছ করে দরজায় তালা লাগিয়ে দিয়েছেন। গত শনিবার রাতে পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থিত এমদাদিয়া আজিজুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার পর্যন্ত মাদ্রাসা কর্তৃপক্ষ সন্ত্রাসীদের ভয়ে মাদ্রাসার হেফজ ও কুতুবখানার দখল নিতে পারেনি।মাদ্রাসা সূত্রে জানা গেছে, পৌরসভা কার্যালয়ের সামনে ও স্থানীয় বঙ্গবন্ধু কলেজের পাশের নয় শতাংশ জমি ২০০৭ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদিয়া আজিজুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার নামে ইজারা দেন। মাদ্রাসা কর্তৃপক্ষ সেখানে একটি ঘর তুলে মাদ্রাসার হেফজখানা ও কুতুবখানা গড়ে তোলে। হেফজখানা ও কুতুবখানায় ৩৬ জন শিক্ষার্থী থেকে পড়াশোনা করে।মাদ্রাসা ও এতিমখানার পরিচালক আবদুল জব্বার জানান, শনিবার রাতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খোরশেদ আলমের নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী-সমর্থক হেফজ ও কুতুবখানায় হামলা চালান। তাঁরা বইপত্র ও আসবাব তছনছ করে বাইরে ফেলে দেন। একপর্যায়ে তাঁরা হেফজ ও কুতুবখানার দরজায় বঙ্গবন্ধু কলেজের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে যান। বঙ্গবন্ধু কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল হাসান জানান, ‘এটি একটি তুচ্ছ ঘটনা। তার পরও তদন্ত করে শিগগির ব্যবস্থা নেব।’সরিষাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম জানান, তিনি সেখানে নতুন এসেছেন। কাগজপত্র না দেখে ওই জমির প্রকৃত মালিক কারা, তা তিনি বলতে পারবেন না।মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পর্ষদের সভাপতি হাজি গোলাম মোস্তফা জানান, মাদ্রাসায় ঝুলিয়ে দেওয়া ওই সাইনবোর্ডটি তাঁরা ভয়ে অপসারণ করতে পারছেন না। এ ব্যাপারে তাঁরা মামলাও করতে পারছেন না।মাদ্রাসা ও এতিমখানার পরিচালক আবদুল জব্বার জানান, মাদ্রাসা দখলের জন্য এক মাস ধরে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তবে তিনি সন্ত্রাসীদের ভয়ে পুলিশের কাছে অভিযোগ করতে পারছেন না।উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খোরশেদ আলম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা বলেন, ‘কলেজের সীমানা এলাকায় মাদ্রাসা থাকা ঠিক নয়। আমরা মাদ্রাসা অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছি।’