পরীক্ষা দিতে না পেরে ভোগান্তিতে চাকরিপ্রার্থীরা
মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিয়ে সভাপতি ও সুপারের দ্বন্দ্ব
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা দিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন চাকরিপ্রার্থীরা। দুইবার তারিখ নির্ধারণের পরেও পরীক্ষা হয়নি। পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার ঘটনা নিয়ে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সুপারের মধ্যে দ্বন্দ্বের জের ধরে পরীক্ষা নেওয়া হচ্ছে না বলে চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছেন।
চাকরিপ্রার্থীরা জানান, গত শনি ও বুধবার লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তাঁদের পরীক্ষা কেন্দ্রে আসতে বলা হয়। কিন্তু দুদিনই ব্যবস্থাপনা কমিটির সভাপতির অনুপস্থিতির কারণ দেখিয়ে পরীক্ষা নেয়নি নিয়োগ কমিটি।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাদ্রাসার সমাজবিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৫ জুলাই (গত শনিবার)। ওই দিন নিয়োগ কমিটির আটজন সদস্য উপস্থিত থাকলেও মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলাউদ্দিন আকন্দ অসুস্থতাজনিত চিকিৎসা সনদ পাঠিয়ে অনুপস্থিত থাকেন। ওই নিয়োগ কমিটিতে থাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির উদ্দিন আহমেদ বলেন, সেদিন সভাপতি অনুপস্থিত থাকায় অন্য উপস্থিত সদস্যদের সঙ্গে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করে তা পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়।
একাধিক পরীক্ষার্থী জানান, কর্তৃপক্ষের ঘোষিত তারিখ অনুযায়ী তাঁরা ১২ জন গতকাল বুধবার চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে আসেন। কিন্তু সেখানে গিয়ে তাঁরা দেখেন, ডিজির প্রতিনিধি নাজির উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া ও মাদ্রাসার সুপার মো. তাজুল ইসলাম উপস্থিত রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক পরীক্ষার্থী অভিযোগ করেন, পছন্দের প্রার্থীর চাকরি নিশ্চিত করতে গিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সুপারের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। এ কারণে ভোগান্তির শিকার হচ্ছেন অপর চাকরিপ্রার্থীরা। মাদ্রাসা সুপার তাজুল ইসলাম দাবি করেন, তাঁর কোনো পছন্দের প্রার্থী নেই। তিনি স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ চান। ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আলাউদ্দিন আকন্দ বলেন, ‘৫ জুলাই অসুস্থ থাকায় আমি নিয়োগ বোর্ডে উপস্থিত থাকতে পারিনি। গত বুধবার যে তারিখ নির্ধারণ করা হয়েছে, সে সম্পর্কে আমার সঙ্গে আলোচনা করেনি কেউ। সবকিছু মাদ্রাসা সুপারই করছেন।’