মাদ্রাসায় হামলা, আহত ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর সিদ্দিকা দ্বিমুখী মহিলা দাখিল মাদ্রাসায় গত শনিবার সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১৮ জন শিক্ষক ও ছাত্রী আহত হয়েছে। মাদ্রাসা সূত্রে জানা গেছে, ২০০৫ সালে একই ইউনিয়নের ছলিমুদ্দিন ও তাঁর ছোট ভাই জয়নাল আবেদিন ওই মাদ্রাসার জন্য পাঁচ শতক জমি দান করেন। মাদ্রাসায় কক্ষসংকটের কারণে সমপ্রতি ওই জমিতে টিনের বেড়া দিয়ে কক্ষ নির্মাণ করা হয়। কিন্তু এর বিরোধিতা করেন ছলিমুদ্দিন ও জয়নাল আবেদিন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জয়নাল আবেদিন ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে ওই মাদ্রাসায় হামলা চালান। তাঁরা প্রথমে মাদ্রাসার সুপারকে ধাওয়া করেন। পরে উপস্থিত অন্য শিক্ষক ও ছাত্রীদের মারধর করেন। এতে শিক্ষক আছিয়া বেগম, আফরোজা বেগম, আয়শা রেগম, নুরজ্জামান, আবেদ আলী, আসাদুজ্জামান এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রেহেনা, মমতাজ খাতুনসহ কমপক্ষে ১৮ জন আহত হয়। গুরুতর আহত ছাত্রী রেহেনাকে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মুঠোফোনে মাদ্রাসার সুপার মোকছেদুল হক বলেন, ‘সন্ত্রাসীরা মাদ্রাসার শিক্ষক ও ছাত্রীদের বেদম মারধর করেছে। আমি ভয়ে মাদ্রাসায় যেতে পারছি না।’বদরগঞ্জ থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগের ব্যাপারে জমিদানকারী জয়নাল আবেদিন বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ দান করা ওই জমির পাশে তাঁর আরেক জমিতে কক্ষ তৈরি করলে তাঁরা বাধা দেন।