হাজার দুয়েক ভেড়া। একসঙ্গে নেমেছিল মাদ্রিদের রাজপথে। ওদের এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। কর্তৃপক্ষ তাই কয়েকটি প্রধান সড়ক বন্ধই করে দেয়। এ ঘটনা গত রোববারের।
স্পেনের রাজধানীতে প্রতিবছরই এই মিছিল নামে। এটা একটা উৎসব। নাম ফিয়েস্তা দে লা ত্রানশুমানসিয়া। শত শত বছরের পুরোনো। মাঝখানে অবশ্য বন্ধ হয়ে গিয়েছিল। তবে ১৯৯৪ সাল থেকে ফের চালু হয়েছে।
প্রাচীন কৃষিরীতি অনুযায়ী মেষপালকেরা এভাবেই তাঁদের ভেড়ার পাল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতেন। একই জায়গায় ভেড়ার সংখ্যা বেশি হয়ে গেলে সেখানে তাদের খাবারের অভাব দেখা দিতে পারে। তারা সেখানকার সব ঘাস সাবাড় করে দিলে চলবে কী করে? সে জন্যই বছরে দুবার এ রকম ভেড়া স্থানান্তর করা হতো। প্রাণীগুলোকে গ্রীষ্মে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় আর শীতে নিচু জায়গা থেকে উঁচু জায়গায় সরিয়ে নিতেন মেষপালকেরা। আর তাঁরা ১৪১৮ সালে একটি চুক্তি সই করেন। সে অনুযায়ী তাঁরা শহরের ওপর দিয়ে অবাধে ভেড়ার পাল নিয়ে যাওয়ার বিনিময়ে ১৬০ মারাভেদি (স্পেনে মধ্যযুগে প্রচলিত মুদ্রা) পরিশোধ করতেন। এই যুগেও কোনো কোনো মেষপালক নগর কর্তৃপক্ষকে সেই পুরোনো মুদ্রা দিয়ে থাকেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ঐতিহ্যবাহী এই উৎসবে অংশগ্রহণকারী ভেড়ার সংখ্যা দিনে দিনে কমছে। কৃষিনির্ভর যুগে আগে লাখো ভেড়া ছিল। আর এখন নগর কৃষির যুগে মাত্র হাজার কয়েক ভেড়া মাদ্রিদ পেরোয়। তারপরও কৃষি মন্ত্রণালয় এই উৎসব চালু রাখার পক্ষে।