মাধবকুণ্ড জলপ্রপাতে নিখোঁজ ঢাকার কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ কলেজছাত্র জসিম শেখের লাশ গতকাল সোমবার উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

জসিম ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ঢাকার উত্তরা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি টঙ্গীর এরশাদনগরে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্র জানায়, গত রোববার বন্ধুদের সঙ্গে মাধবকুণ্ডে বেড়াতে আসে জসিম। বেলা আড়াইটার দিকে সে ও দিদার হোসেন নামের এক সহপাঠী জলপ্রপাতে সাঁতার কাটতে নামে। বৃষ্টির কারণে জলপ্রপাতে প্রবল স্রোত থাকায় মুহূর্তেই তারা পানির গভীরে চলে যায়। এ সময় অন্য বন্ধুরা দিদারকে উদ্ধার করতে পারলেও জসিমকে পারেনি।

সূত্র জানায়, বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল জসিমের সন্ধানে জলপ্রপাতে অভিযান শুরু করে। গতকাল সোমবার ভোরে তাঁরা জসিমের লাশ উদ্ধার করেন। পুলিশ জানায়, জসিমের লাশ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, সন্তানের মৃত্যুর সংবাদে বাবা-মায়ের বিলাপে পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীদের কোনো সান্ত্বনাই তাঁদের কান্না থামাতে পারছে না।

চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল জসিম। জসিমের ভাই আরিফুল বলেন, ‘জসিম মেরিনার হতে চেয়েছিল। এইচএসসি পাস করার পর মেরিন একাডেমিতে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল তার।’

জসিমের বাবা আশেক শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত রোববার ভোরে বন্ধুদের সঙ্গে সিলেটের উদ্দেশে বের হয় ছেলেটা। ওই দিন বিকেল তিনটায় তার এক বন্ধু মুঠোফোনে জানায়, সে জলপ্রপাতে তলিয়ে গেছে।’ এ কথা বলেই ডুকরে কেঁদে ওঠেন তিনি।