মাধবকুণ্ডে তরুণীর লাশ উদ্ধার, প্রেমিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটন এলাকা থেকে পুলিশ গতকাল সোমবার (১২ মার্চ) বিকেলে রুমানা আক্তার (১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে। তাঁর বাড়ি বড়লেখা সদর ইউনিয়নের রাঙাউটি গ্রামে। এ ঘটনায় রুমানার প্রেমিক দাবিদার মাসুক আহমদকে (২০) পুলিশ আটক করেছে। মাসুকের বাড়ি একই ইউনিয়নের গাজীটেকা গ্রামে।মাধবকুণ্ডে নিয়োজিত পর্যটক সহায়তাকারী পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা দেড়টার দিকে জলপ্রপাতের পার্শ্ববর্তী প্রায় ২০০ ফুট উঁচু একটি টিলার চূড়া থেকে রুমানার লাশ নিচে গড়িয়ে পড়ে। পর্যটকদের কাছ থেকে খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সূত্র জানায়, ঘটনার পরপর মাসুক টিলার নিচে নেমে নিজেকে রুমানার প্রেমিক পরিচয় দিয়ে পুলিশকে জানান, তাঁরা দুজনসহ বাবর (২২) নামে তাঁদের আরেক বন্ধু দুপুর ১২টার দিকে মাধবকুণ্ডে বেড়াতে আসেন। রুমানাকে নিয়ে মাসুক ওপরে যান। আর বাবর নিচে ছিলেন। টিলার চূড়ার কাছাকাছি পৌঁছালে পানজুমে কর্মরত স্থানীয় আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাঁদের ধাওয়া করে। সেখান থেকে পালাতে গিয়ে রুমানা পা পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হন। মাসুকের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাঁকে আটক করে। তবে বাবর পালিয়ে যান।ওসি কামরুল হাসান জানান, মাধবকুণ্ডের চূড়ায় ওঠা নিষিদ্ধ। মাধবকুণ্ডে বেড়াতে আসা পর্যটকদের এমফ সতর্কবাণী মেনে চলার পরামর্শ দেন তিনি।